'অর্থনৈতিক স্বার্থেই গুপ্তচরবৃত্তি করেছে যুক্তরাষ্ট্র'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ গত সোমবার অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তার কারণে নয়, বরং অর্থনৈতিক স্বার্থসিদ্ধি ও কৌশলগত কারণেই ব্রাজিলের তেল উৎপাদন ও বাজারজাতকরণ প্রতিষ্ঠান পেট্রোব্রাসের ওপর গুপ্তচরবৃত্তি করেছে।
গত রোববার দেশটির গ্লোবো টেলিভিশনে পেট্রোব্রাসের ইন্টারনেট লেনদেনের ওপর যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তি নিয়ে একটি প্রতিবেদন প্রচারিত হওয়ার পরদিন ব্রাজিলের প্রেসিডেন্ট এ অভিযোগ করলেন।
দিলমা রুসেফ বলেন, পেট্রোব্রাসের ওপর যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রমাণিত হলে এটি পরিষ্কার হবে যে যুক্তরাষ্ট্র তার নিরাপত্তা ও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের জন্য নয়, বরং অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থেই গুপ্তচরবৃত্তি করছে। কারণ পেট্রোব্রাস কোনো দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি নয়।
প্রেসিডেন্ট দিলমা রুসেফ আরও বলেন, দুটি গণতান্ত্রিক বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রের মধ্যে এভাবে তথ্য চুরির ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এএফপি।