'অর্থের বিনিময়ে সংবাদ প্রচার অপরাধ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধান নির্বাচন কমিশনার ভি এস সম্পত। ছবি : এনডিটিভির সৌজন্যে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার ভি এস সম্পত। ছবি : এনডিটিভির সৌজন্যে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার ভি এস সম্পত বলেছেন, অর্থের বিনিময়ে সংবাদ পরিবেশন অথবা সাংবাদিকতার আবরণে রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার অপরাধ। আজ বুধবার নয়াদিল্লিতে ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর তিনি এ কথা বলেন।

এনডিটিভির খবরে বলা হয়, ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ১৬তম নির্বাচন শুরু হবে ৭ এপ্রিল। নির্বাচন হবে নয় দফায়। শেষ হবে ১২ মে। ভোট গণনা হবে ১৬ মে।

প্রধান নির্বাচন কমিশনার ভি এস সম্পত বলেন, ‘অর্থের বিনিময়ে সংবাদ পরিবেশনকে অপরাধ হিসেবে ব্যাখ্যা করার জন্য বর্তমানে কোনো আইন নেই। এটিকে একটি নির্বাচনী অপরাধ হিসেবে গণ্য করার জন্য আমরা আইন মন্ত্রণালয়ে প্রস্তাব করেছি।’

এ বিষয়ে সতর্ক করে ১ মার্চ গণমাধ্যমের সম্পাদকদের চিঠি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। চিঠিতে তিনি অর্থের বিনিময়ে সংবাদ পরিবেশনকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, অযৌক্তিক প্রভাব বর্জন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার মাধ্যমেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব।

২০০৯ সালের নির্বাচনে দেশটির অনেক রাজনীতিবিদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে সংবাদ প্রচারের অভিযোগ ওঠে।