‘অশ্লীল ছবি ও ভায়াগ্রা’ বিক্রি নিষিদ্ধ করেছে পাকিস্তানি তালেবান
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার শহরের কারখানো বিপণিকেন্দ্রে ‘অশ্লীল চলচ্চিত্র’ ও ‘ভায়াগ্রাজাতীয় উত্তেজক ওষুধ’ বিক্রির ব্যাপারে সতর্ক করে দিয়েছে তালেবান। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা নাম প্রকাশ না করার শর্তে গতকাল সোমবার এ কথা জানিয়েছেন। তাঁরা গত শনিবার দোকান খুলতে গিয়ে তালেবানের হুমকিসংবলিত প্রচারপত্র পান। তেহরিক-ই-তালেবান খাইবার সংগঠনের নামে হাতে লেখা প্রচারপত্রে বলা হয়, ‘যৌন উত্তেজক ওষুধ, অশালীন ও অশ্লীল চলচ্চিত্র বিক্রি ইসলামি আইনের (শরিয়া) পরিপন্থী। এই ব্যবসা বন্ধ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে দেওয়া হচ্ছে।’কারখানো বিপণিকেন্দ্রের বেশ কয়েকটি দোকানে অশ্লীল (পর্নো) চলচ্চিত্র ও পুরুষের উত্তেজক ওষুধ প্রকাশ্যেই বিক্রি হয়। খাইবার জেলার উপজাতি অধ্যুষিত ওই এলাকায় সামরিক বাহিনীর সঙ্গে তালেবান ও ইসলামপন্থী অন্য জঙ্গিদের লড়াই চলছে। সেখানে সংগীত ও চলচ্চিত্র বিক্রেতাদের নিয়মিত হুমকি দেওয়া হয়। পার্শ্ববর্তী অরাকজাই জেলার প্রধান শহর কালায়ার একটি ডিভিডির দোকানের কাছে গত শুক্রবার বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও ২৬ জন আহত হয়। এএফপি।