‘অ্যাসাঞ্জের সঙ্গে ম্যানিংয়ের সরাসরি যোগাযোগ ছিল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন সেনাসদস্য ব্র্যাডলি ম্যানিংয়ের সঙ্গে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের সরাসরি যোগাযোগ ছিল বলে সামরিক কৌঁসুলিরা জানিয়েছেন। উইকিলিকসকে লাখ লাখ মার্কিন গোপন তথ্যের সন্দেহভাজন জোগানদাতা ব্র্যাডলি ম্যানিংয়ের কোর্ট মার্শালে গত সোমবার কৌঁসুলিরা এ কথা জানিয়েছেন।যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ফোর্ট মিয়াদ সেনা ঘাঁটির আদালতে ম্যানিংয়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে শুনানি চলছে। গত শুক্রবার তাঁর বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়।আল-জাজিরা টেলিভিশন জানিয়েছে, গতকালের শুনানিতে তদন্তকারীরা আদালতে বলেছেন, অ্যাসাঞ্জের সঙ্গে যোগাযোগের তথ্যপ্রমাণ ম্যানিংয়ের কম্পিউটারের হার্ডডিস্কে পাওয়া গেছে।মার্কিন সেনাবাহিনীর কম্পিউটার অপরাধ তদন্ত ইউনিটের কর্মকর্তা মার্ক জনসন ও ডেভিড শাভার শুনানিতে বলেন, তাঁরা উভয়ের মধ্যে সরাসরি যোগাযোগের প্রমাণ পেয়েছেন। ওই যোগাযোগে মার্কিন সরকারের তথ্য প্রেরণ ও প্রাপ্তির কথা আলোচিত হয়েছে। রয়টার্স।