'আইএস দানবকে' পশ্চিমা বিশ্বই লালন করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাশ্চাত্যকেই মধ্যপ্রাচ্য সংকট সৃষ্টিতে সহায়তা করার দায়ে অভিযুক্ত করলেন ভেনেজুয়েলার বামপন্থী প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। তিনি বলেছেন, এ সংকট নিরসনের একমাত্র উপায় হলো আঞ্চলিক সরকারগুলোর প্রতি সম্মান দেখানো। গত বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে এ কথা বলেন মাদুরো। খবর এএফপির।
ইরাক ও সিরিয়ায় সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) উত্থানকে গল্পের দানব ফ্রাঙ্কেনস্টাইনের সঙ্গে তুলনা করে মাদুরো বলেন, এই ‘দানবকে’ পশ্চিমা বিশ্বই লালন করেছে।
মাদুরো পাশ্চাত্যের সমালোচনা করে বলেন, ইবোলা ভাইরাসের সংক্রমণ এখন বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি। আর সে হুমকি মোকাবিলার পরিবর্তে পশ্চিমারা কিনা ইরাক ও সিরিয়ার মানুষদের ওপর ‘বোমা মারতে’ ব্যস্ত।
যুক্তরাষ্ট্রের কট্টর সমালোচক হুগো চাভেজ ক্যানসারে ভুগে গত বছর মারা গেলে তাঁর মনোনীত নেতা হিসেবে নির্বাচন করে জয়ী হন মাদুরো। এর পর থেকে তিনিও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের সমালোচনা করে আসছেন।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট আরও বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রয়োজনীয়তা আছে। কিন্তু সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধীদের সমর্থন করে পশ্চিমারা ঠিক কাজ করছে না।