'আইএস যোদ্ধাদের বের হওয়ার শেষ পথটি বন্ধ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামিক স্টেট (আইএস)বিরোধী আন্তর্জাতিক জোটের এক মার্কিন কর্মকর্তা বলেছেন, পশ্চিম মসুল থেকে বের হওয়ার শেষ পথটি বন্ধ করে দিয়েছে ইরাকি বাহিনী। তাই সেখানকার আইএসের সদস্যরা এবার মারা পড়বে। ইতিমধ্যে সরকারি সেনারা শহরটির পশ্চিমাঞ্চলের এক-তৃতীয়াংশ এলাকায় পুনঃ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে। অন্যদিকে আইএসের মরিয়া যোদ্ধারা তীব্র প্রতিরোধ গড়ে তুলছে বলেও খবর মিলেছে।
৫ মার্চ থেকে ইরাকি বাহিনীর নতুন দফা জোরালো অভিযানে পশ্চিম মসুলের বেশ কিছু এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে উচ্ছেদ হয়েছে আইএসের যোদ্ধারা। প্রতিবেশী সিরিয়ার রাকা শহরের পর আইএসের দখলে থাকা সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহুর এলাকা ইরাকের মসুল শহরের পশ্চিমাঞ্চল।
ইরাকের যৌথ অপারেশন কমান্ড মসুলে আরও সাফল্য পাওয়ার দাবি করে গতকাল সোমবার বলেছে, সন্ত্রাস-দমন সার্ভিসের সদস্যরা পশ্চিম মসুলের আল-নাফাত এলাকা আবার নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল রায়েদ শাকির জদাত এক বিবৃতিতে বলেন, ইরাকি বাহিনীর আরেক বিশেষায়িত শাখা র্যাপিড রেসপন্স ডিভিশন ও ফেডারেল পুলিশ বাহিনীর সদস্যরা এখন মসুলের বাব আল-তুব এলাকায় তল্লাশি, বিদ্রোহীদের পেতে যাওয়া ফাঁদ ও মাইন অপসারণ এবং বেসামরিক লোকজনের মধ্যে লুকিয়ে থাকা জঙ্গিদের বের করার অভিযান চালাচ্ছেন।
মসুলের এ পুরোনো অংশে বহু সরু রাস্তা ও গা-ঘেঁষাঘেঁষি অনেক ভবন রয়েছে। সেখানে এখনো হাজার হাজার বেসামরিক লোক বাস করছে বলে ধারণা করা হচ্ছে।