‘আইভরি কোস্টে মতৈক্যের মন্ত্রিসভা সম্ভব’
জাতিসংঘে আইভরি কোস্টের রাষ্ট্রদূত ইউসুফো বামবা বলেছেন, প্রেসিডেন্ট লরা বাগবো যদি প্রেসিডেন্ট পদের ওপর থেকে নিজের দাবি প্রত্যাহার করে নেন, তাহলে মতৈক্যের সরকার গঠন সম্ভব হতে পারে। তিনি বলেন, বাগবোর অনুসারীদের সঙ্গে কাজ করতে প্রস্তুত আলাসেন ওয়েতারা। তবে বাগবোর দল আইভরিয়ান পপুলার ফ্রন্ট এ ধরনের প্রস্তাব প্রত্যখ্যান করেছেন।বামবাকে নিয়োগ দিয়েছেন ওয়েতারা। আন্তর্জাতিক সম্প্রদায় আলাসেন ওয়েতারাকে নির্বাচনে বিজয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন বাগবো।বিবিসির হার্ডটক অনুষ্ঠানে বামবা বলেন, নির্বাচনের ফলাফল নিয়ে কোনো আপস নয়। তিনি বলেন, বাগবো পরাজিত হয়েছেন। তাঁকে সেটা স্বীকার করে নিতে হবে। তাঁকে সরে দাঁড়াতে হবে। এরপর বাকি বিষয় নিয়ে আপসরফা হবে।বামবা বলেন, বাগবো একা নন। তাঁর অনুসারী আছেন। তাঁর দলে উপযুক্ত ব্যক্তি রয়েছেন। একটি সমন্বিত মন্ত্রিসভার কাঠামোর ভেতর তাঁদের সঙ্গে তাঁরা কাজ করতে প্রস্তুত। এদিকে আফ্রিকান ইউনিয়নের (এইউ) মধ্যস্থতাকারী শিগগির আবারও আইভরি কোস্ট যাচ্ছেন।এইউর দূত ও কেনিয়ার প্রধানমন্ত্রী রায়লা ওডিঙ্গার মুখপাত্র গতকাল মঙ্গলবার জানান, প্রধানমন্ত্রী কয়েক দিনের মধ্যেই আবিদজানের উদ্দেশে যাত্রা করবেন।মুখপাত্র ডেনিশ ওনিয়াঙ্গো বলেন, প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে তিনি এ সপ্তাহেই আইভরি কোস্ট যাবেন। দিনটি হতে পারে বৃহস্পতি অথবা শুক্রবার। বিবিসি ও এএফপি।