'আগ্রাসন' বন্ধের উদ্যোগ নিতে জাতিসংঘকে সিরিয়ার আহ্বান

সিরিয়ার ওপর যেকোনো সম্ভাব্য আগ্রাসন প্রতিরোধে জাতিসংঘকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সিরীয় সরকার। অন্যদিকে রাশিয়া আজ সোমবার বলেছে, সিরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রমাণাদি রাশিয়ার কাছে যথেষ্ট বলে গৃহীত হয়নি।
আল জাজিরা বলেছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগের পরিপ্রেক্ষিতে সে দেশে সামরিক অভিযানের যে আহ্বান জানিয়েছিলেন, তারই জবাবে সিরিয়া আজ সোমবার জাতিসংঘকে এ অনুরোধ করল।
সিরিয়ায় সামরিক অভিযান চালানো হবে কি না, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যুক্তরাষ্ট্রের সরকার দেশটির পার্লামেন্টে খসড়া প্রস্তাব পাঠিয়েছে। ৯ সেপ্টেম্বর দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ কংগ্রেসে ওই প্রস্তাবের ওপর আলোচনা হওয়ার কথা।
যুক্তরাষ্ট্র সরকারের বর্তমান উদ্যোগ সিরীয় সরকারকে খানিকটা অবকাশ এনে দিয়েছে। এই ফাঁকে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার বিদেশি আগ্রাসন ঠেকানোর জন্য প্রস্তুতি যেমন নিতে পারছে, তেমনি দেশটির ওপর সম্ভাব্য হামলা ঠেকাতে আন্তর্জাতিক মহলকে কাছে টানতে পারছে।
জাতিসংঘে সিরিয়ার আবেদন
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন সানা আজ সোমবার জানায়, জাতিসংঘে দেশটির রাষ্ট্রদূত বাশার জাফারি জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও নিরাপত্তা পরিষদের সভাপতি মারিয়া ক্রিস্টিনা পারসেভালের কাছে একটি চিঠি দিয়েছেন। তাতে বলা হয়েছে, ‘জাতিসংঘের মহাসচিবের উচিত সিরিয়ার ওপর যেকোনো আগ্রাসন ঠেকানো এবং চলমান সংকটের রাজনৈতিক সমাধান খুঁজে বের করার দায়িত্ব কাঁধে নেওয়া।’
কোনো দেশের ওপর অযৌক্তিক বল প্রয়োগ বন্ধে আন্তর্জাতিক আইন অনুযায়ী নিরাপত্তা পরিষদ যে ‘সেফটি ভালভের’ কাজ করে, এ ক্ষেত্রেও তা পালনের জন্য বাশার জাফারি নিরাপত্তা পরিষদকে আহ্বান জানান।
জাফারি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত শান্তির জন্য কাজ করা এবং সিরিয়া সংকটের সমাধানে রাশিয়া যে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে চায়, তার অংশীদার হওয়া। কিন্তু কখনোই এমন কোনো দেশে পরিণত হওয়া উচিত নয়, যা তার রাষ্ট্রীয় কর্মকৌশলের বিরোধিতা করে।
সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা
এখন পর্যন্ত সিরিয়ার গৃহযুদ্ধে কমপক্ষে এক লাখ মানুষ প্রাণ হারিয়েছে। গত সপ্তাহে দেশটির বিদ্রোহীরা সরকারি বাহিনীর বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ তোলে।
বিদ্রোহীদের দাবি, ২১ আগস্ট সকালে সরকারি বাহিনী দামেস্কের উপকণ্ঠে কয়েকটি এলাকায় স্নায়ুনাশী সারিন গ্যাস ছড়িয়ে দিয়ে এক হাজারের বেশি বেসামরিক মানুষকে হত্যা করেছে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তুরস্ক সেদিনই বিদ্রোহীদের দাবির প্রতি সমর্থন জানায় এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারকে হটাতে সামরিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু করে।
তবে সিরীয় সরকার শুরু থেকেই দাবি করে আসছে, সেনাবাহিনী কোনো ধরনের রাসায়নিক অস্ত্র ব্যবহার করেনি এবং ওই হত্যাকাণ্ডে সরকারি বাহিনীর কোনো হাত নেই। সিরিয়ার সরকারের দাবির প্রতি আস্থা জ্ঞাপন করেছে রাশিয়া ও চীন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গতকাল বলেছেন, সিরিয়ার সাম্প্রতিক হত্যাকাণ্ডে যে সারিন গ্যাস ব্যবহার করা হয়েছে, সে প্রমাণ যুক্তরাষ্ট্রের হাতে আছে।
কেরির এ বক্তব্যের জবাবে জাফারি আজ বলেন, ‘কেরি সন্ত্রাসীদের (সিরিয়ার বিদ্রোহী) তৈরি গাঁজাখুড়ি গল্প বিশ্বাস করছেন। ইন্টারনেট থেকে পাওয়া মিথ্যা ছবি থেকে ওই গল্প তৈরি করা হয়েছে।’
এ প্রসঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী গার্গেই লাভরভ আজ সোমবার বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সিরিয়ার ওপর হামলার ভিত্তি হিসেবে যেসব প্রমাণ পেশ করেছে, তা রাশিয়ার কাছে অগ্রহণযোগ্য।
অন্যদিকে, রাশিয়ার সংবাদ সংস্থা ইন্ট্রা ফ্যাক্স আরেক খবরে বলেছে, রুশ সরকার সিরিয়ার উপকূলে শত্রুপক্ষের অবস্থান ও শক্তি জানার উদ্দেশ্যে তথ্য সংগ্রহের জন্য একটি জাহাজ পাঠাচ্ছে।
তুরস্কের প্রধানমন্ত্রীর সতর্কবার্তা
এদিকে তুরস্কের প্রধানমন্ত্রী তাইয়্যেপ এরদোয়ান আজ সোমবার ঘোষণা দিয়েছেন, আসাদকে উত্খাতে যেকোনো আন্তর্জাতিক উদ্যোগের সঙ্গে থাকবে তুরস্ক। তিনি বলেন, ‘আমি পরিষ্কার করে বলতে চাই, কোনো অস্থায়ী উদ্যোগে সিরিয়ার সমস্যার স্থায়ী সমাধান হবে না। ক্ষুদ্র পরিসরে, স্থানীয় পর্যায়ে ও চূড়ান্ত সমাধানের লক্ষ্যে পরিচালিত নয়, এমন সব উদ্যোগ দেশটির পরিস্থিতিকে আরও ঝুঁকির দিকে ঠেলে দেবে।’
তাইয়্যেপ বলেন, কার্যকর পদক্ষেপ না নিলে সিরিয়ার সরকার সামনের দিনে আরও বেশি মানুষকে হত্যা ও মানবাধিকার লঙ্ঘন করতে উত্সাহিত হবে।
যুক্তরাষ্ট্রের ওয়েবসাইট হ্যাক
আল জাজিরা আজ সোমবার জানিয়েছে, সিরিয়ান ইলেকট্রনিক আর্মি নামের একটি হ্যাকার দল মার্কিন নৌসেনাদের একটি ওয়েবসাইট হ্যাক করেছে। মেরিন্স ডটকম নামের ওই ওয়েবসাইটের হোম পেজে গিয়ে মুখোশ পরা কিছু সেনার ছবি দেখা যায়।
ওই বার্তায় মার্কিন সেনাদের অনুরোধ জানানো হয়, তাঁরা যেন প্রেসিডেন্ট বারাক ওবামাকে সিরিয়া হামলা থেকে বিরত রাখেন।
ইউএসএস সান অ্যান্তোনিও নামের একটি জাহাজে করে প্রায় ৩০০ মার্কিন নৌসেনা এখন ভূমধ্যসাগরে অবস্থান করছেন। তাঁরা সিরিয়া আক্রমণে অংশ নেবেন কি না, তা এখনো চূড়ান্ত নয়।
রাসায়নিক সরবরাহ করেছে ব্রিটিশ কোম্পানি
সিরিয়ায় রাসায়নিক পদার্থ সরবরাহ নিয়ে বড়সড় প্রশ্নের মুখে পড়েছে ব্রিটেন। এর আগে ব্রিটিশ সরকার এক কোম্পানিকে সিরিয়ায় এমন সব রাসায়নিক পদার্থ সরবরাহের অনুমতি দিয়েছিল, যা দিয়ে শক্তিশালী রাসায়নিক অস্ত্র তৈরি করা সম্ভব।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত বছর জানুয়ারি মাসে যুক্তরাজ্যের একটি কোম্পানিকে সিরিয়ায় দুই ধরনের রাসায়নিক পদার্থ রপ্তানির লাইসেন্স দেওয়া হয়। এসব রাসায়নিক থেকে সারিন গ্যাস তৈরি করা সম্ভব।