'আঞ্চলিক নিরাপত্তার জন্য সৌদি আরব একাই যথেষ্ট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরান ও সিরিয়া বিষয়ে পাশ্চাত্যের বর্তমান নীতি একটি ‘ভয়ংকর জুয়া’ এবং এমন পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরব একাই পদক্ষেপ নিতে প্রস্তুত। গত মঙ্গলবার এ কথা বলেছেন দেশটির এক শীর্ষ কূটনীতিক।
যুক্তরাজ্যে সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স মোহাম্মদ বিন নওয়াফ বিন আবদুল আজিজ নিউইয়র্ক টাইমস-এ লিখেছেন, ইরান ও সিরিয়া নিয়ে পশ্চিমা নীতি মধ্যপ্রাচ্যের শান্তির জন্য হুমকি হতে পারে। পশ্চিমা নীতি একটি ‘ভয়ংকর জুয়া’। এই অবস্থায় সৌদি আরব চুপ করে বসে থাকতে পারে না।
ইরান ও সিরিয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র, তথা পাশ্চাত্যের নীতি নিয়ে সৌদি আরবের শীর্ষ পর্যায় থেকে সমালোচনার সর্বশেষ ঘটনা এটি। এর আগেও সৌদি সরকারের শীর্ষ পর্যায় থেকে ওই নীতির সমালোচনা করা হয়েছে।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো সিরিয়ার ওপর সামরিক হস্তক্ষেপ নেওয়া থেকে সাময়িকভাবে হলেও সরে এসেছে। এ ছাড়া ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও এ মুহূর্তে নমনীয় মনোভাব পোষণ করছে। বিষয়টি সৌদি আরবের পছন্দ নয়। দেশটি সিরিয়া ও ইরানকে তাদের শত্রু ও আঞ্চলিক শান্তির জন্য হুমকি বলে মনে করে।
নওয়াফ বিন আবদুল আজিজ বলেন, পশ্চিমারা সিরিয়ার বাশার সরকারকে বহাল তবিয়তে থাকার সুযোগ করে দিয়েছে। অন্যদিকে, ইরানের পরমাণু কর্মসূচিও অব্যাহত আছে। এর পরিপ্রেক্ষিতে সৌদি আরব আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে আক্রমণাত্মক হতে বাধ্য হচ্ছে। রাষ্ট্রদূত নওয়াফ বিন আবদুল আজিজ আরও বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক দুটি ক্ষেত্রেই বিশ্বের প্রতি সৌদি আরবের কিছু দায়িত্ব আছে। এই দায়িত্ব পালনেই সৌদি আরব পদক্ষেপ নেবে। এএফপি।