সিরিয়া সংকট নিরসনে জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত কফি আনানের শান্তি পরিকল্পনা সঠিক পথেই এগোচ্ছে বলে দাবি করেছেন আনানের মুখপাত্র আহমেদ ফাওজি। গতকাল শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আনানের মুখপাত্র বলেন, ‘সিরিয়ার সংঘাতপূর্ণ এলাকাগুলো থেকে ইতিমধ্যে কিছু ভারী অস্ত্র প্রত্যাহার করা হয়েছে, আবার অনেক এলাকায় এখনো ভারী অস্ত্র মোতায়েন রয়েছে। কিছু এলাকায় সহিংসতার ঘটনা কমেছে। তবে অনেক জায়গায় সহিংস কর্মকাণ্ড এখনো অব্যাহত রয়েছে। এটি সন্তোষজনক অবস্থা নয়, এমনকি আমি তা বলছিও না। তবে, ধীরগতিতে এবং সীমিত পরিসরে হলেও সিরিয়া-পরিস্থিতির উন্নতি হচ্ছে।’আহমেদ ফাওজি বলেন, ‘কফি আনানের পরিকল্পনা সঠিক পথেই এগোচ্ছে। এক বছরের বেশি সময় ধরে সংকটময় যে পরিস্থিতি বিরাজ করছে, তা এক দিনে বা এক সপ্তাহের মধ্যে নিরসন সম্ভব নয়।’আনানের যুদ্ধবিরতি চুক্তি সিরীয় কর্তৃপক্ষ কতটা কার্যকর করছে তা যাচাইয়ের জন্য জাতিসংঘ শান্তিরক্ষী পর্যবেক্ষকদের একটি দল সিরিয়ায় অবস্থান করছে। পর্যবেক্ষক দলের প্রধান মেজর জেনারেল রবার্ট মুড গত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, সহিংসতা বন্ধে এগিয়ে আসার জন্য তিনি প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।জেনারেল মুড বলেন, ‘শক্তিশালী পক্ষের কাছ থেকেই সহিংসতা বন্ধের জন্য প্রথম পদক্ষেপটি আসা উচিত।’ তিনি বলেন, সিরিয়ার সরকার ও সেনাবাহিনীকে সংঘাত নিরসনে অগ্রণী ভূমিকা নিতে হবে। তবে মুডের এই আবেদন সত্ত্বেও গতকাল শুক্রবার সিরিয়াজুড়ে দেশটির নিরাপত্তাবাহিনীর গুলিতে অন্তত ১০ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন বলে সিরিয়াবিষয়ক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে। অন্যদিকে, গতকালও দেশের কয়েকটি প্রদেশে প্রেসিডেন্ট আসাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ।এদিকে, আরব লিগের প্রধান নাবিল আল-আরাবি সিরিয়া সংকট নিয়ে আলোচনার জন্য গতকাল চীন পৌঁছেছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লি উইমিন বলেন, সফরকালে আরব লিগের প্রধান সিরিয়া সংকট উত্তরণে চীনা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন। আগামী সোমবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জেইছিসহ জ্যেষ্ঠ চীনা কর্মকর্তাদের সঙ্গে নাবিল আল-আরাবি আনুষ্ঠানিক বৈঠক করবেন। এএফপি, রয়টার্স।