‘আফগানিস্তানে যুত্তরাষ্ট্রকে অবশ্যই কৌশল পরিবর্তন করতে হবে’
সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে যে ভুল করেছিল, যুক্তরাষ্ট্রও একই ভুলের পুনরাবৃত্তি করছে। একজন সাবেক সোভিয়েত সেনা কর্মকর্তা এ কথা বলেছেন। তিনি বলেন, আফগানিস্তানে প্রায় এক দশক ধরে সোভিয়েত ইউনিয়ন যে দুর্দশা মোকাবিলা করেছিল তা থেকে পশ্চিমা বাহিনী ব্যাপক শিক্ষা নিতে পারে। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল রাসলান উসেভ (৫৫) আফগানিস্তানে সোভিয়েত অভিযানের সময় পাঁচ বছর সেখানে দায়িত্ব পালন করেন। ১৯৭৯ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে অভিযান চালায়। উসেভ বলেন, আফগানিস্তানে যৌথ বাহিনীর অভিযানের পর প্রায় নয় বছর হতে চলল। কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছুরই পরিবর্তন হয়নি। তিনি বলেন, ন্যাটো ও মার্কিন বাহিনী আজ সেখানে যে ধরনের বৈরী পরিস্থিতির মুখোমুখি হচ্ছে সোভিয়েত বাহিনীও একই পরিস্থিতি মোকাবিলা করেছে। সে সময় পার্বত্য এলাকায় লড়াই চালানোর ব্যাপারে সোভিয়েত বাহিনীর কোনো প্রশিক্ষণ ছিল না । তাই তারা যুক্তরাষ্ট্রের আর্থিক ও সামরিক সহায়তাপ্রাপ্ত মুজাহিদিন যোদ্ধাদের কাছে পরাস্ত হয়েছে। উসেভ বলেন, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি আরও জটিল। তখন মুজাহিদিনরা তালেবানের চেয়ে নমনীয় ছিল। তারা আত্মঘাতী হামলা চালাত না। এদিকে তালেবান জঙ্গিরা আত্মঘাতী হামলা চালিয়ে যাচ্ছে।রেড আর্মির তত্কালীন উপপ্রধান ও আফগান প্রেসিডেন্ট নজিবুল্লাহর শীর্ষ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মাখমুদ গরিয়েভ আফগানিস্তানে যৌথ বাহিনীর মিশনের সফলতা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, যৌথ বাহিনী দ্রুত তাদের কৌশলে পরিবর্তন না আনলে কাবুলে স্থিতিশীলতা আনতে দীর্ঘ সময় লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গরিয়েভ বর্তমানে মস্কোর সামরিক বিজ্ঞান একাডেমির প্রেসিডেন্ট। তিনি আরও বলেন, আমেরিকানরা নিয়মিত বাহিনী নয়, যুদ্ধ করছে জনগণের বিরুদ্ধে। নেপোলিয়ানও কখনোই স্পেনে জয়ী হতে পারেনি। তাদের বোঝা উচিত একটি জাতির বিরুদ্ধে যুদ্ধ করা কখনোই সম্ভব নয়।গরিয়েভ ও রাশিয়ার অন্যান্য প্রবীণ যোদ্ধার মতে, আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর জন্য একমাত্র কৌশল হলো দেশটির পুনর্গঠন ও উন্নয়নকে প্রাধান্য দেওয়া। তাদের কৌশল পরিবর্তন করে অন্য সমাধান খুঁজে বের করতে হবে। তাদের অবশ্যই আফগানিস্তান পুনর্গঠনে সহায়তা করতে হবে।উল্লেখ্য, সোভিয়েত ইউনিয়ন ১৯৭৯ সালে আফগানিস্তানে হামলা চালায় এবং প্রায় ১০ বছরের রক্তক্ষয়ী অভিযান শেষে দেশটি থেকে সেনা প্রত্যাহারে বাধ্য হয়। এএফপি।