‘আফগানিস্তানে শান্তির জন্য সব কিছু করতে রাজি পাকিস্তান’
তালেবানের সঙ্গে দীর্ঘ ১০ বছরের যুদ্ধের অবসান ও শান্তি প্রতিষ্ঠায় আফগান সরকারকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে রাজি পাকিস্তান। তবে দেশটি জোর দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো বিদেশি শক্তি নয়, শান্তিপ্রক্রিয়ার নেতৃত্বে থাকতে হবে আফগান সরকারকেই।গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি সাংবাদিকদের বলেন, ‘আফগানরা যা চায় অথবা আশা করে, আমরা স্বেচ্ছায় তা দিতে রাজি আছি।’ এর আগে বুধবার আফগানিস্তান সফর করেন তিনি। দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের প্রক্রিয়া শুরু করাই ছিল এ সফরের উদ্দেশ্য। সেখানে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন তিনি।আফগানিস্তানে জঙ্গি গোষ্ঠী তালেবানকে পাকিস্তান সব ধরনের সহায়তা দিয়েআসছে—এ মর্মে ন্যাটোর এক গোপন প্রতিবেদন ফাঁস হওয়ার দুদিন পর এ কথা বললেন হিনা রাব্বানি।আফগানিস্তান ইস্যুতে পাকিস্তানের ভূমিকাকে অনেক দিন ধরেই পশ্চিমা দেশগুলো সন্দেহের চোখে দেখে আসছে। বিশেষ করে তালেবান, হাক্কানি নেটওয়ার্ক এবং অন্যান্য ইসলামপন্থী গোষ্ঠীর সঙ্গে পাকিস্তানের সখ্য নিয়ে পশ্চিমারা এর আগে বিভিন্ন সময়ে প্রশ্ন তুলেছে। এসব সংগঠনের নেতৃত্ব-কাঠামো পাকিস্তান থেকেই পরিচালিত হয় বলে অভিযোগ আছে।বিশ্লেষকদের বক্তব্য, শান্তিপ্রক্রিয়ায় পাকিস্তান প্রতিবন্ধকতা তৈরি করছে—এমন ধারণাকে ভ্রান্ত প্রমাণ করতেই হিনা রাব্বানি আফগানিস্তান সফর করেছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জানান, এ মাসের মাঝামাঝি সময়ে হামিদ কারজাই ইসলামাবাদ সফর করবেন। এর পর তিনি (হিনা রাব্বানি) প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে কাতার সফরে যাবেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য কাতারে সম্প্রতি তালেবান একটি কার্যালয় খুলেছে।বিশ্লেষকেরা বলছেন, কাতারে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় কাবুল ও ইসলামাবাদ প্রশাসন হয়তো মূল এজেন্ডা নয়। এ কারণেই এই প্রক্রিয়ায় আফগান সরকারকে সামনে নিয়ে আসতে চাচ্ছে ইসলামাবাদ। পাশাপাশি শান্তিপ্রক্রিয়ায় স্বাধীনভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান।এদিকে হিনা রাব্বানি ইঙ্গিত দিয়েছেন সামরিক জোট ন্যাটোর রসদ সরবরাহের জন্য পাকিস্তান আবারও তাদের সীমান্তপথ খুলে দিতে পারে পাকিস্তান। আফগানিস্তানে অবস্থান করা ন্যাটো সৈন্যদের জন্য খাদ্য, জ্বালানি ও অন্যান্য সরঞ্জাম পাঠাতে এত দিন পাকিস্তানের ভূখণ্ড ও সীমান্তপথ ব্যবহার করা হতো।গত বছরের ২৬ নভেম্বর বিমান হামলায় ২৪ জন পাকিস্তানি সেনা নিহত হলে দেশটি আফগানিস্তানের সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দেয়। এএফপি।