'আমরা আক্রান্ত' মঞ্চ
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও সরকারি বাহিনীর হাতে নির্যাতিত সাধারণ মানুষ একজোট হয়ে ‘আমরা আক্রান্ত’ নামের একটি মঞ্চ গঠন করেছেন। গত বৃহস্পতিবার কলকাতার ‘ভারত সভা হল’ মিলনায়তনে একটি সম্মেলনের মাধ্যমে ওই মঞ্চ গঠন করা হয়।
মঞ্চের অন্যতম আহ্বায়ক করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে। বছর দুই আগে সরকারি দলের নেতাদের কটাক্ষ করে অন্যের কাছ থেকে ই-মেইলে পাওয়া একটি কার্টুন আরও কয়েকজনকে পাঠানোর কারণে অধ্যাপক অম্বিকেশকে হেনস্তা করেছিল পুলিশ। তাঁকে কারাগারেও যেতে হয়েছিল।
পশ্চিমবঙ্গে ২০১১ সালে ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। এরপর গত তিন বছরে এই রাজ্যে সরকারি নিরাপত্তা বাহিনী ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের হাতে নির্যাতনের শিকার হয়েছেন অনেক নিরীহ মানুষ।
সম্মেলনে উপস্থিত ছিলেন কামদুনি, কেতুগ্রাম, বামনগাছি, বীরভূম, পাড়ুই, ইলামবাজার, লালগড় ও বালির বিভিন্ন ঘটনায় নিহত পরিবারের সদস্য এবং আক্রান্ত ব্যক্তিরা। ছিলেন সমাজকর্মী মীরাতুন নাহার, সংগীতশিল্পী শুভেন্দু মাইতি, শিক্ষাবিদ অধ্যাপক সুনন্দ সান্যাল, চিত্রশিল্পী ওয়াসিম কাপুর, নাট্যকার চন্দন সেন প্রমুখ।
সম্মেলন শেষে অম্বিকেশ মহাপাত্র বলেন, ‘আমরা আক্রান্তরা এক হতে পারলে শাসকেরা ভয় পাবেই। সুবিচার আমাদের আদায় করে নিতে হবে। তাই আমরা একজোট হয়ে বৃহত্তর আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
অধ্যাপক অম্বিকেশ জানান, আগামী আগস্ট মাসে আক্রান্তরা একজোট হয়ে কলকাতার রাস্তায় নেমে অবস্থান বিক্ষোভ সমাবেশে অংশ নেবেন। এই রাজ্যে গণতন্ত্র রক্ষায় খুন, ধর্ষণ, অত্যাচার, জুলুম বন্ধ করার দাবিতে সোচ্চার হবেন। এর আগে ১৬ জুলাই বিকেলে কলকাতার অ্যাকাডেমি অব ফাইন আর্টসের সামনে অনুষ্ঠিত হবে প্রতিবাদ সমাবেশ।