'আমরা এটাকে থোড়াই কেয়ার করি': খামেনি
ইরানের সাধারণ নির্বাচন নিরপেক্ষ নয় বলে যুক্তরাষ্ট্রের করা কটাক্ষ পাত্তাই দেননি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বরং বলেছেন, ‘নির্বাচনে সবার অংশ নেওয়াটাই গুরুত্বপূর্ণ।’ আজ শুক্রবার সকালে রাজধানী তেহরানের একটি ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর খামেনি এ কথা বলেন। আজকের এই সাধারণ নির্বাচনে ভোট দিতে ভোটারদের সর্বাত্মকভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
খামেনি বলেন, ‘আমাদের প্রিয় জাতির উচিত উদ্দীপনা নিয়ে প্রাণবন্তভাবে ভোট দেওয়া। তাদের বুঝতে হবে যে দেশের ভাগ্য ও সুখশান্তির চাবিকাঠি তাদের হাতেই।’ দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে পশ্চিমা বিশ্ব যে সন্দেহ প্রকাশ করেছে, সে বিষয়ে খামেনি বলেন, ‘আমরা এটাকে থোড়াই কেয়ার করি।’ গত ২৪ মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ করেন। তিনি প্রার্থীদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন। আজ সকাল সাতটা থেকে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রয়টার্স।