‘আমাদের ছয় দফার সঙ্গে মুজিবের ছয় দফার পার্থক্য নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলুচিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী ও বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (বিএনপি) সভাপতি সরদার আখতার মেঙ্গাল বলেছেন, তাঁদের ছয় দফার সঙ্গে শেখ মুজিবুর রহমানের ছয় দফার তফাত নেই। এসব দাবি মানা না হলে তাঁরা পাকিস্তানের সঙ্গে থাকবেন না।গতকাল শুক্রবার ইসলামাবাদে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফের সঙ্গে বৈঠকে এ কথা বলেন বিএনপির সভাপতি সরদার আখতার মেঙ্গাল। ইসলামাবাদের বেলুচিস্তান হাউসে ওই বৈঠকের সময় আরও কয়েকজন বেলুচ নেতা উপস্থিত ছিলেন।নওয়াজের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সরদার আখতার বলেন, সরকারের কাছে তাঁরা যে ছয় দফা দাবি তুলেছেন, তার সঙ্গে শেখ মুজিবুর রহমানের ছয় দফার কোনো পার্থক্য নেই। তাঁদের এই ছয় দফা মানা না হলে বেলুচিস্তানের জনগণ পাকিস্তানের সঙ্গে থাকবে না। সাবেক পূর্ব পাকিস্তানের (পরে বাংলাদেশ) স্বাধীনতার দাবি ওঠার আগে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসনের জন্য বাঙালি নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন্দ্রীয় সরকারের কাছে বিখ্যাত ছয় দফা দাবি তুলেছিলেন।বৈঠকে সরদার আখতার তাঁদের ছয় দফার বিষয়ে নওয়াজ শরিফকে অবগত করেন। নওয়াজ শরিফও এ সময় বেলুচবাসীর দাবিদাওয়া নিয়ে সরকারের কাছে তাঁর দলের সুপারিশের কথা তুলে ধরেন। জাতীয়তাবাদী এই বেলুচ নেতা বৃহস্পতিবার তাঁর প্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে সুপ্রিম কোর্টে চলা শুনানিতে ছয় দফা দাবি পেশ করেন। ডন।