'আমার নাম বিশ্বাসঘাতকেরা নিপাত যাক'
যুক্তরাজ্যের এমপি জো কক্সকে হত্যায় অভিযুক্ত ব্যক্তি আদালতে ‘বিশ্বাসঘাতকদের’ বিরুদ্ধে চিৎকার করে ক্ষোভ প্রকাশ করেছেন। গতকাল শনিবার লন্ডনের আদালতে তোলা হলে তিনি এমনটা করেন।
লেবার দলের এমপি জো কক্সকে হত্যায় অভিযুক্ত টমাস মেয়ারকে (৫২) গতকাল লন্ডনের ওয়েস্ট মিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয়। বিচারক নাম জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘আমার নাম বিশ্বাসঘাতকেরা নিপাত যাক, ব্রিটেন স্বাধীন হোক’।
জো কক্স গত বৃহস্পতিবার উত্তর ইংল্যান্ডের লিডস শহরের কাছে বার্স্টল গ্রামে খুন হন। কক্স সেখানে জনসংযোগ করার পর হামলার শিকার হন। তিনি যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে ছিলেন। অন্যদিকে দেশের অনেক জ্যেষ্ঠ রাজনীতিক ও জনগণের বড় একটি অংশের পাশাপাশি কট্টর জাতীয়তাবাদীরা ইইউ জোট ছেড়ে যাওয়ার পক্ষে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের কারও কারও বর্ণনা অনুযায়ী, হামলার সময় টমাস মেয়ার উগ্র জাতীয়তাবাদী ‘ব্রিটেন ফার্স্ট’ দলের নামে স্লোগান দিয়েছিলেন।
জো কক্সের প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল তৃতীয় দিনের মতো ইইউ-তে থাকা না-থাকা নিয়ে ২৩ জুন অনুষ্ঠেয় গণভোটের পক্ষে-বিপক্ষে প্রচারাভিযান বন্ধ রাখা হয়। যুক্তরাজ্যে এ গণভোটের প্রচারাভিযান দেশবাসীকে দুভাগে বিভক্ত করে দিয়েছে।