উত্তর প্রদেশের আমেথিতে এমনিতেই লোকসভা নির্বাচন নিয়ে টানটান উত্তেজনা৷ এবার সেই উত্তেজনায় ঘি ঢালল আমেথির জেলা প্রশাসন৷ ওই আসনে আম আদমি পার্টির (এএপি) প্রার্থী কুমার বিশ্বাসের পরিবারকে জেলা ছাড়তে প্রশাসন নির্দেশ দিয়েছে বলে অভিযোগ উঠেছে৷
এএপি অভিযোগ করেছে, জেলা প্রশাসন ক্ষমতাসীন কংগ্রেসের প্রার্থী রাহুল গান্ধীকে জেতানোর জন্য কাজ করছে৷ প্রশাসনের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এএপির প্রার্থী কুমার বিশ্বাস বলেন, সৎ সাহস থাকলে রাহুলের বোন প্রিয়াঙ্কাকেও আমেথি ছেড়ে চলে যেতে বলতে হবে৷ কারণ, আমেথির ‘নিবন্ধিত ভোটার’ না হওয়ার কারণে তাঁর পরিবারের সদস্যদের যদি আমেথি ছাড়তে হয়, তবে প্রিয়াঙ্কার বেলায়ও একই নিয়ম প্রযোজ্য হওয়ার কথা৷
গণমাধ্যমের খবরে বলা হয়, পুলিশের কর্মকর্তারা গত সোমবার রাতে আমেথিতে কুমার বিশ্বাসের ভাড়া বাসায় যান৷ তাঁরা নির্বাচন কমিশনের আইনের কথা উল্লেখ করে বলেন, ‘নিবন্ধিত ভোটার’ না হওয়ায় কুমারের স্ত্রী, সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যকে রাত ১১টার মধ্যে আমেথি ছাড়তে হবে৷
আমেথির একজন কর্মকর্তা বলেন, নির্বাচন কমিশনের রীতি মেনেই ওই পদক্ষেপ নেওয়া হয়েছে৷ কুমার বিশ্বাস টুইটারে এক বার্তায় বলেন, ‘জেলা প্রশাসন ও পুলিশ আমার স্ত্রী ও বোনদের অবিলম্বে আমেথি ছাড়তে বলেছে৷ তারা িক প্রিয়াঙ্কা গান্ধীকেও একই কথা বলতে পারবে?’ এনডিটিভি ও জি নিউজ৷