'আমার মেয়েকেও মেরে ফেললে ভালো হতো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লি থেকে ১০০ কিলোমিটার দূরে বাগানা গ্রাম। সেখানে কোনোমতে বাস করছিল ‘অচ্ছুত’ দলিত সম্প্রদায়ের নারী ব্রিমতি রাম ও তাঁর পরিবার।

‘অচ্ছুত’ বলে যে ভূ-স্বামী বা জোতদারেরা ব্রিমতির মতো দলিতদের ছায়া মাড়ানোকেও পাপ মনে করে, সেই ভূ-স্বামীর আত্মীয়রাই ব্রিমতি রামের ১৪ বছরের ‘অচ্ছুত’ মেয়েকে গণধর্ষণ করে। যারা ধর্ষণ করেছে, তাদের বিচার তো হয়ইনি, উল্টো ধর্ষকদের ভয়ে ব্রিমতিকেই মেয়েকে নিয়ে গ্রামছাড়া হতে হয়েছে।

সম্প্রতি উত্তর প্রদেশে দলিত সম্প্রদায়ের দুই কিশোরীকে গণধর্ষণ ও হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রাখার ঘটনা শোনার পর ব্রিমতির প্রতিক্রিয়া ছিল এমন, ‘আমার মেয়েকেও এভাবে মেরে ফেললে ভালো হতো।’

ব্রিমতি রাম আক্ষেপ করে বলেন, ‘ধর্ষণ আমাদের মর্যাদা, জীবনযাপন, সম্মান ও ভবিষ্যেক মারাত্মক ক্ষতিগ্রস্ত করেছে। আমার মেয়ের যদি বিয়েই না হয়, তাঁকে যদি জীবনভর এই বোঝা বয়ে বেড়াতে হয়, তাহলে ওই পশুরা তাকে মেরে ফেললেই ভালো হতো না?’ তিনি বলেন, তাঁর হাসিখুশি, উচ্ছল মেয়েটি এ ঘটনার পর একদম নিশ্চুপ হয়ে পড়েছে।

গতকাল শুক্রবার যুক্তরাজ্যভিত্তিক দ্য টেলিগ্রাফ পত্রিকার অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে ব্রিমতি রামের মতো ভারতের দলিত সম্প্রদায়ের অসহায় মানুষগুলোর করুণ চিত্র উঠে এসেছে।

নারী আন্দোলনের কর্মী ও কমিউনিস্ট নেতা বৃন্দা কারাত বলেন, ভারতে দলিত সম্প্রদায়ের নারীদের ওপর ধর্ষণ ও যৌন নিপীড়ন একটি নিত্যকার ঘটনা। বেশির ভাই ক্ষেত্রে দলিত নারীরা বাড়ির কাছের উন্মুক্ত স্থানে প্রাকৃতিক কর্ম সারতে গেলে এসব ঘটনার শিকার হন। আর উচ্চবর্ণের তরুণেরা মনে করে, দলিত নারীদের ওপর তাঁদেরই অধিকারই সবার আগে।

সরকারি হিসাব অনুযায়ী, ২০১২ সালে ভারতজুড়ে ২৪ হাজার ৯২৩ জন নারী ধর্ষণের শিকার হন। এদের মধ্যে এক হাজার ৫৭৬ জন দলিত সম্প্রদায়ের।

শুধু যৌন নিপীড়নই নয়, দলিত সম্প্রদায়ের এই ‘অস্পৃশ্য’ মানুষেরা প্রায়ই সংখ্যাগরিষ্ঠ ও ক্ষমতাশীল সম্প্রদায়গুলোর হামলার শিকার হয়।

বাগানা গ্রামের দলিত সম্প্রদায়ের প্রধান বীরেন্দর সিং বাগোদিয়া জানান, গত ৩০ বছরে ১৫ দলিত যুবককে খুন করা হয়েছে। তিনি বলেন, ‘পশুর সঙ্গে মানুষ যেমন আচরণ করে, তেমনভাবে আমাদের সঙ্গে আচরণ করা হয়।’

উচ্চবর্ণের হিন্দুদের হত্যার হুমকির ভয়ে ব্রিমতির পরিবারের মতো ৮০টি পরিবার বর্তমানে গ্রামছাড়া। তাদের বাস এখন দিল্লির ফুটপাথে। গ্রামে থাকা অবস্থাতেই তাঁদের সন্তানদের বিদ্যালয়ে ও মন্দিরে যেতে এবং দোকান থেকে খাবার কিনতে বাধা দেওয়া হয়েছিল। তারা জানে না, আদৌ কখনো গ্রামে ফিরে যেতে পারবে কি না।