'আমার সন্তানকে হত্যা, স্ত্রীকে ধর্ষণ করা হয়'

আফগানিস্তানে তালেবানদের হাতে ভয়াবহ নির্যাতনের শিকার হওয়ার কথা জানিয়েছেন সংগঠনটির জিম্মিদশা থেকে মুক্তি পাওয়া কানাডীয় দম্পতি। খবর বিবিসির।
পাঁচ বছর ধরে ওই দম্পতি তালেবানদের হাতে জিম্মি ছিলেন। তাঁরা হলেন জসুয়া বয়লি ও তাঁর স্ত্রী কেইটল্যান কোলম্যান। বয়লি বলেন, ‘তালেবানেরা আমার এক মেয়েকে হত্যা করে এবং স্ত্রীকে ধর্ষণ করে।’
আফগানিস্তানের সীমান্তবর্তী কুররাম আদিবাসী এলাকায় অভিযান চালানোর সময় পাকিস্তানের সেনাবাহিনী তিন সন্তানসহ ওই দম্পতিকে মুক্ত করে। গত বৃহস্পতিবার পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানায়। ২০১২ সালে আফগানিস্তান থেকে ওই দম্পতি অপহৃত হন।
কোলম্যানের বাবা বলেন, ভয়ংকর ওই দেশটিতে যাওয়ার সিদ্ধান্তটাই ছিল অবিবেচনাপ্রসূত। এটা স্বীকার করে কোলম্যান বলেন, ‘আমার ওপর যা হয়েছে, তা আমি কল্পনাও করতে পারি না। আমি মনে করি এর বাইরে আমার আর কিছু বলার নেই।’
টরোন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে বয়লি সাংবাদিকদের বলেন, তাঁরা আফগানিস্তানে তালেবানদের নিয়ন্ত্রিত অঞ্চলের একটি গ্রামে গ্রামবাসীকে সহায়তা দেওয়ার চেষ্টা করে আসছিলেন। তাঁরা যখন অপহৃত হন, তখন ওই অঞ্চলে সরকারি-বেসরকারি সংস্থা বা সাহায্য সংস্থার কোনো কর্মীই পৌঁছাতে সক্ষম হননি।
এক সন্তানসহ ওই দম্পতি অপহৃত হয়েছিলেন। তখন কোলম্যান অন্তঃসত্ত্বা ছিলেন। চলতি সপ্তাহে তিন সন্তানসহ তাঁরা ফিরে আসেন। জিম্মিদশায় থাকা অবস্থায় ওই সন্তানদের জন্ম হয়। সবচেয়ে ছোট সন্তানের স্বাস্থ্য ভালো নয়। বয়লি বলেন, তাঁদের আরেকটি মেয়েশিশু ছিল। তালেবানদের সঙ্গে সম্পর্কযুক্ত হাক্কানি নেটওয়ার্কের জিম্মিকারীরা তাকে হত্যা করেছে। তারা তাঁর স্ত্রীকে ধর্ষণ করেছে।
বয়লি বলেন, সংগঠনটির দেওয়া প্রস্তাব তিনি বারবার ফিরিয়ে দেন। এর প্রতিশোধ হিসেবে তারা তাঁর স্ত্রীকে ধর্ষণ করে। তা-ও কয়েকজনের উপস্থিতিতে।
আরও পড়ুন...