'আমার সন্তানকে হত্যার জন্য ধন্যবাদ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউক্রেনের গ্রাবোভো গ্রামে দেশটির দুর্যোগকর্মীরা মালয়েশীয় বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ পরিষ্কার করেছেন। এ রকম কোনো স্থানেই হয়তো দুর্ঘটনার শিকার হয়েছিলেন ১৭ বছর বয়সী ডাচ কিশোরী এলসেমিক। ছবি: রয়টার্স।
ইউক্রেনের গ্রাবোভো গ্রামে দেশটির দুর্যোগকর্মীরা মালয়েশীয় বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ পরিষ্কার করেছেন। এ রকম কোনো স্থানেই হয়তো দুর্ঘটনার শিকার হয়েছিলেন ১৭ বছর বয়সী ডাচ কিশোরী এলসেমিক। ছবি: রয়টার্স।

নেদারল্যান্ডসের নাগরিক হ্যান্স দে বোর্স্ট। এক হতভাগ্য পিতা। ইউক্রেনে মালয়েশিয়ার বিমান বিধ্বস্তের ঘটনায় একমাত্র মেয়ে এলসেমিককে হারিয়েছেন হ্যান্স।

১৭ বছর বয়সী মেয়েকে হারিয়ে পাগলপ্রায় হ্যান্স তাঁর মেয়েসহ বিমানের সব যাত্রীদের হত্যাকারীদের অভিশাপ দেননি। বরং ধন্যবাদ জানিয়েছেন।

আজ সোমবার ডাচ গণমাধ্যমগুলোকে দেওয়া এক চিঠিতে হত্যাকারীদের ধন্যবাদ জানান দে বোস্ট। ওই চিঠিতে তিনি লেখেন, ‘আমার প্রিয় এবং একমাত্র শিশুকে হত্যার জন্য অশেষ ধন্যবাদ জনাব পুতিন (রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন), বিচ্ছিন্নতাবাদী নেতা অথবা ইউক্রেনীয় সরকারকে।’

আবেগঘন চিঠিতে ওই বাবা বলেন, ‘এলসেমিক আগামী বছর দুই প্রিয় বন্ধু জুলিয়া ও মেরিনের সঙ্গে স্কুলের পাঠ শেষ করতে চলছিল। সে দেলফট ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চেয়েছিল। সে খুব উল্লসিত ছিল। আমি আশা করি আপনারা খুব দ্রুতই আমার বার্তাটি পড়বেন। সম্ভবত ইংরেজিতে অনূদিত হবে এটি।’

সবশেষে থ্যাংকস এগেইন (আবারও ধন্যবাদ) বলে চিঠিতে শেষ করেন শোকে বিমর্ষ বাবা দে বোর্সট।
এমএইচ১৭ ফ্লাইটের বিমানটিতে হামলায় নিহত ২৯৫ জনের মধ্যে ১৯৩ জনই ছিল নেদারল্যান্ডসের। এ নিয়ে দেশটিতে ক্ষোভ ক্রমাগত বাড়ছে।