‘আমি আবারও একই ঘটনা ঘটাব’
‘আমি আবারও একই ঘটনা ঘটাব’—গতকাল শুক্রবার ভারতের দিল্লির আদালতে এ কথা বলেন ভারতের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শারদ পাওয়ারকে চড় মেরে আলোচিত হওয়া যুবক হারভিন্দর সিং। তিনি বলেন, তাঁর কোনো আইনজীবীর প্রয়োজন নেই।গত বৃহস্পতিবার নয়াদিল্লির এনডিএমসি সেন্টারের বাইরে একটি অনুষ্ঠান শেষে বেরিয়ে আসার সময় শারদ পাওয়ারের মুখে কষে চড় মারেন হারভিন্দর সিং। হামলায় ঘটনায় দিল্লি পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে। আদালতের মাধ্যমে তাঁকে তিহার কারাগারে পাঠানো হয়েছে। তবে হারভিন্দরকে ১৪ দিনের বিচারিক হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।হারভিন্দরের বিরুদ্ধে মন্ত্রীর ওপর হামলা এবং তাঁকে হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে হামলার পরপরই পুলিশি হেফাজতে হারভিন্দর সাংবাদিকদের জানান, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম টানা বাড়তে থাকায় ক্ষুব্ধ হয়ে তিনি মন্ত্রীকে চড় মারেন। তিনি তাঁর কাজের জন্য মোটেও অনুতপ্ত নন।কৃষিমন্ত্রী শারদ পাওয়ার কংগ্রেসের অন্যতম মিত্র ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান। বৃহস্পতিবার হামলার খবর ছড়িয়ে পড়ার পর মহারাষ্ট্র রাজ্যের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলার প্রতিবাদে এনসিপির কর্মীরা নাগপুরের কাছে মুম্বাই-আগ্রা জাতীয় মহাসড়ক অবরোধ করে।তবে কৃষিমন্ত্রী তাঁর দলের কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, আইনের নিজস্ব গতিতেই এ হামলার ঘটনার বিচার হবে। এনডিটিভি ও পিটিআই।