পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসদলীয় সাংসদ এবং প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন ফের দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। সোমবার বিকেলে কলকাতার বেসরকারি টেলিভিশন চ্যানেল স্টার-আনন্দের সঙ্গে এক আলোচনা চক্রে কবীর সুমন এই ক্ষোভ প্রকাশ করেন। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা পার্থ চট্টোপাধ্যায় এবং বিশিষ্ট নাট্যকার ব্রাত্য বসুও ওই আলোচনায় অংশ নেন। তাঁরা কবীর সুমনকে তাঁর ক্ষোভ প্রশমিত করার পরামর্শ দিলেও তাতে তেমন একটা সাড়া দেননি তিনি। বরং তিনি খোলামেলা বলেছেন, ‘আমার বিবেক আগে, তারপর আমার দল।’ তিনি আরও বলেন, ‘আমি আমার স্বাধীনতা হারিয়েছি। সাংসদসত্তা ও শিল্পীসত্তা নিয়ে আজ একটা সংঘাত দেখা দিচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমি চির দিন সরকারবিরোধী লোক। গণ-আন্দোলনের সৈনিক। কোনো দিন রাজনীতি করিনি। সাত মাস আগে তৃণমূলে এসেছি।’ তিনি এ কথাও বলেন, ‘আমি মাওবাদী নই। তবে গণমানুষের জন্য আমি গান গেয়ে যাব। আমি ছত্রধরদের নিয়ে গান গাইব।’ তিনি একই সঙ্গে এ কথাও বলেন, ‘তৃণমূলের লোকজন আমার গান শোনে না।’ কবীর সুমন বলেন, ‘রাজনীতিতে মিথ্যে বলা ঠিক নয়, কারণ মানুষের কাছে এ জন্য এক দিন ধরা পড়তেই হবে। আমার কাজকর্ম পছন্দ না হলে দল চাইলে আমাকে তাড়িয়ে দিক। কিন্তু গণমানুষের অধিকার আদায়ের লক্ষ্য থেকে আমি পিছপা হব না। নিপীড়িত মানুষের জন্য কণ্ঠ বন্ধ করব না।’ তিনি আরও বলেন, মাওবাদীদের নিষিদ্ধ করার বিপক্ষে তিনি।