‘আমি তখন মদ পান করছিলাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের ডাচেস অব ইয়র্ক সারাহ ফার্গুসন মার্কিন জনপ্রিয় উপস্থাপিকা অপেরা উইনফ্রেকে বলেছেন, অর্থের বিনিময়ে একজন সাংবাদিককে প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেওয়ার প্রস্তাবের সময় তিনি মদ পান করছিলেন। পিপল সাময়িকীতে গত সোমবার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, উইনফ্রের সঙ্গে সাক্ষাৎকারে ফার্গুসন বলেন, ছদ্মবেশী সাংবাদিকের সঙ্গে অর্থ লেনদেনসংক্রান্ত এ ভিডিও ফুটেজ তিনি এখনো দেখেননি। তিনি আরও বলেন, ‘ সাংবাদিকের সঙ্গে অর্থলেনদেন যখন হচ্ছিল তখনআমি মদ পান করছিলাম। মদপানের কারণে আমি এতটাই নেশাগ্রস্ত ছিলাম যে, ঠিকমতো ওই ষড়যন্ত্রকারীর মুখও দেখতে পারিনি।’ সারাহ গত শুক্রবার লস অ্যাঞ্জেলসে উইনফ্রেকে এ সাক্ষাৎকার দেন। যুক্তরাষ্ট্রে গতকাল মঙ্গলবার এ সাক্ষাৎকার সম্প্রচার হওয়ার কথা। ব্রিটেনের রানি এলিজাবেথের ছোট ছেলে এবং আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগবিষয়ক বিশেষ প্রতিনিধি প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেওয়ার বিনিময়ে ব্যবসায়ী ছদ্মবেশী ওই সাংবাদিকের কাছ থেকে তিনি পাঁচ লাখ পাউন্ড দাবি করেছিলেন। ব্রিটিশ ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড এ তথ্য প্রকাশ করে। এ খবর প্রকাশের পর দুঃখ প্রকাশ করে ফার্গুসন বলেছিলেন, ‘এ ঘটনায় আমি লজ্জিত ও গভীরভাবে অনুতপ্ত’। নিউজ অব দ্য ওয়ার্ল্ডের ওই সাংবাদিকের রেকর্ড করা ভিডিওচিত্রে দেখা গেছে, সাবেক স্বামী প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে দেখা করিয়ে দিতে ফার্গুসন তাঁর কাছ থেকে ৪৮ হাজার ডলার নেন। তবে এ ঘটনার সঙ্গে প্রিন্স অ্যান্ড্রুর কোনো সম্পর্ক নেই বলে বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে বলা হয়েছে। এএফপি।