‘আমি তোমার সঙ্গে মরতে চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাস হতে চেয়েছিলেন আমাল আহমেদ আবদেলফাতাহ আল-সাদাহ। কাঙ্ক্ষিত সেই সুযোগ আসে ১৯৯৯ সালে। সাদাহর বড় বোনের স্বামী তাঁর চাচার বাসায় একটি প্রস্তাব নিয়ে আসেন। প্রস্তাবটি ছিল, ওসামা বিন লাদেন নামে সৌদি আরবের এক ব্যক্তি বিয়ের জন্য পাত্রী খুঁজছেন। দ্বিতীয় চিন্তা না করে এ বিয়েতে রাজি হয়ে যান সাদাহ।বিন লাদেন ও সাদাহ সম্পর্কে বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে সাদাহর পরিবার ও তাঁর স্বজনেরা এসব তথ্য জানান। সাদাহর চাচাতো ভাই ওয়ালিদ হাশিম আবদেলফাতাহ আলসাদাহ জানান, সাদাহর বড় বোনের স্বামী মোহাম্মদ গালিব আলবানি ছিলেন বিন লাদেনের বন্ধু। ওই সূত্র ধরেই এই বিয়ের প্রস্তাব আসে।সাদাহর চাচা হাশেম আলসাদাহ বিয়ের প্রস্তাব আসার পর সাদাহকে বলেন, তিনি বিন লাদেনকে চেনেন। সৌদি আরবের একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তবে হাশেম জানতেন না যে ১৯৯৮ সালে কেনিয়া ও তানজানিয়ায় মার্কিন দূতাবাসে বোমা হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র সরকার বিন লাদেনকে খুঁজছে। লাদেনকে বিয়ের ব্যাপারে সাদাহর কাছে জানতে চাইলে সাদাহ বলেন, ‘এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, আমি এ প্রস্তাবে রাজি।’ এরপর ইয়েমেনের রীতি অনুযায়ী লাদেন ও সাদাহর মধ্যে বিয়ে সম্পন্ন হয়। প্রথা অনুযায়ী সাদাহর পরিবারকে পাঁচ হাজার মার্কিন ডলার দেন বিন লাদেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আফগানিস্তানে বিন লাদেনের আস্তানায় যান সাদাহ। সাদাহর বাবা আহমেদ আবদেলফাতাহ আলসাদাহ স্মৃতি হাতড়ে বলেন, বিয়ের পর একজন বার্তাবাহকের মাধ্যমে তাঁরা জানতে পারেন, সাদাহর একটি কন্যাসন্তান হয়েছে। তার নাম সাফিয়া। নাতনিকে দেখতে এরপর তাঁরা সপরিবারে আফগানিস্তানে যান। সেটি ছিল ৯/১১ হামলার আগের ঘটনা। বিয়ের পর সাদাহর সঙ্গে এটাই ছিল তাঁদের প্রথম ও শেষ সাক্ষাৎ।আহমেদ আবদেল বলেন, বিন লাদেনের আস্তানায় ২১ বার ফাঁকা গুলি করে তাঁদের সম্মান জানানো হয়। আয়োজন করা হয় বিশেষ ভোজের। ওয়ালিদ হাশিম এপিকে বলেন, আফগানিস্তান থেকে ফিরে আসার দিন তাঁদের সবার সামনে সাদাহসহ আরেক স্ত্রীকে (সিরীয় স্ত্রী) লাদেন বলেন, তাঁরা চাইলে তাঁর সঙ্গে আফগানিস্তানে থাকতে পারেন অথবা নিজ নিজ দেশে চলেও যেতে পারেন। জবাবে সাদাহ তাৎক্ষণিকভাবে বলেন, ‘আমি তোমার সঙ্গে মরতে চাই। তুমি যত দিন বেঁচে আছ, তত দিন তোমার সঙ্গে থাকতে চাই।’ তখন বিন লাদেন বলেন, ‘তাঁর যেকোনো সময় মৃত্যু হতে পারে।’ জবাবে সাদাহ বলেন, ‘আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।’ওয়ালিদ আরও জানান, লাদেনকে ‘মহৎ’ মানুষ হিসেবে আখ্যা দিয়ে সাদাহ বলেছিলেন, ‘এটা ঠিক যে আফগানিস্তানের গুহায় আমার জীবন বন্দী হয়ে গেছে। জীবনের এই তিক্ততা সত্ত্বেও আমি ওসামার সঙ্গে সুখে আছি।’ এপি