‘আমি বাঁচতে চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে গণধর্ষণ ও মারাত্মক জখমের শিকার তরুণী (২৩) অদম্য সাহস ও বীরোচিত মনোবলকে অবলম্বন করে বেঁচে থাকতে চেয়েছিলেন। মৃত্যুর আগে তিনি বাঁচার আকুতি জানান এবং ধর্ষকদের বিচারের দাবি করেন। দিল্লির দক্ষিণাঞ্চলে একটি চলন্ত বাসে ১৬ ডিসেম্বর গণধর্ষণ ও জখমের শিকার হওয়ার তিন দিন পর ওই তরুণীর সঙ্গে তাঁর মা ও ভাই দেখা করেন। তখন তিনি বলেছিলেন, ‘আমি বাঁচতে চাই।’সফদারজং হাসপাতালে ১০ দিনব্যাপী চিকিৎসাধীন অবস্থায় সেই তরুণী কথাবার্তা বলেছিলেন এবং একজন ম্যাজিস্ট্রেটের কাছে একাধিকবার জবানবন্দি দিয়েছিলেন। তিনি এ সময় দৃঢ় মনোবলের পরিচয় দেন এবং মনোচিকিৎসকদের (সাইকিয়াট্রিস্ট) কাছে নিজের ভবিষ্যৎ ভাবনাও ব্যক্ত করেন।পরিপূরক চিকিৎসাবিজ্ঞানের (প্যারামেডিকেল) ছাত্রী ওই তরুণী একজন সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের কাছে পুরো ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে ২১ ডিসেম্বর একটি ‘সাহসী জবানবন্দি’ দেন এবং ধর্ষণকারীদের শাস্তির দাবি জানান।হাসপাতালের চিকিৎসকেরাও ওই তরুণীর মনোবলের প্রশংসা করে জানান, তাঁর মনোবল ছিল দৃঢ় এবং তিনি ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ছিলেন। প্রথম পর্যায়ে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল। কিন্তু বড়দিনের রাতে অবস্থার আশঙ্কাজনক অবনতি হলে তাঁকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে পাঠানো হয়। সফদারজং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শরীরে তিনবার অস্ত্রোপচার করা হয় এবং অন্ত্রের একটি বড় অংশ অপসারণ করা হয়। হাসপাতালে বেশির ভাগ সময় তাঁকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের সাহায্যে বাঁচিয়ে রাখা হয়। তবে দুই দিন তিনি স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নিতে সমর্থ ছিলেন। পিটিআই।