‘আমি মরার জন্য প্রস্তত ছিলাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার চোখের সামনে দুই সহকর্মীকে গুলি মেরে হত্যা করে জঙ্গিরা। চোখের সামনে তাঁদের মারতে দেখে আমিও মরার জন্য প্রস্তুত ছিলাম। ধরে নিয়েছিলাম, এদের হাতে আমাকেও মরতে হবে।’আলজেরিয়ার পূর্বাঞ্চলীয় গ্যাসক্ষেত্র থেকে পালিয়ে বাঁচা জাপানের এক শ্রমিক এসব কথা বলেন। গতকাল সোমবার ডেইলি ইয়োমিউরি পত্রিকা তাঁকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।শনিবার দ্বিতীয় দফা সেনা অভিযানের মধ্য দিয়ে আলজেরিয়ার চার দিনের জিম্মি নাটক শেষ হয়। আলজেরিয়ার কর্তৃপক্ষ ওই দিন জানায়, সেনা অভিযানের সময় অন্তত ৩২ জিম্মিকারী নিহত হয়। আরও পাঁচ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। সন্দেহভাজন জিম্মিকারী গোষ্ঠী মোক্তার বেলমোক্তার দাবি করেছে, তাদের ৪০ জন সদস্য ওই ঘটনায় অংশ নিয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক জাপানের সেই শ্রমিকের বরাত দিয়ে খবরে বলা হয়, বন্দুকধারী ইসলামি জঙ্গিরা তাঁকে নিজ কক্ষ থেকে টেনেহিঁচড়ে বের করে। পরে হাতকড়া পরিয়ে, একটি জায়গায় দাঁড় করিয়ে রাখে। সেখানে আগে থেকে দাঁড় করিয়ে রাখা তাঁর দুই সহকর্মীকে গুলি মেরে হত্যা করে জঙ্গিরা। এরপর তাঁকে একটা কক্ষে আটকে রাখা হয়। রাতে সেখান থেকে সিলিং দিয়ে কৌশলে পালান তিনি। প্রায় এক ঘণ্টা মরুভূমিতে হাঁটার পর আলজেরীয় সেনাদের সাক্ষাৎ পান। ওই শ্রমিক বলেন, জঙ্গি হামলার খবরে অন্য বিদেশি শ্রমিকদের সঙ্গে তিনি বাসে চড়ে নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছিলেন। পথে তাঁদের বাস লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। গুলিতে ফুটো হয়ে বাসের একটি চাকা দেবে যায়। বাসযাত্রীরা মরুভূমিতে দিগ্বিদিক ছুটতে থাকেন। অনেকে গ্যাসক্ষেত্রে তাঁদের কক্ষে গিয়ে ভেতর থেকে দরোজা বন্ধ করে দেন। কিন্তু জঙ্গিরা সেখানে গিয়ে দরোজা ভেঙে তাঁদের বের করে। ওই শ্রমিক জানান, সাহারা মরুভূমির আমেনা গ্যাসক্ষেত্রে ১০ জন জাপানি শ্রমিক ছিলেন। তাঁদের মধ্য থেকে সাতজনই প্রাণে বাঁচেন। মৃতের সংখ্যা বেড়ে ৮০: ওই গ্যাসক্ষেত্র থেকে গত রোববার আরও অন্তত ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত সব মিলিয়ে অন্তত ৮০ জন জিম্মি নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এএফপি ও বিবিসি।