‘আমি সাধু নই’—স্বীকারোক্তি শোয়ার্জেনেগারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্নল্ড শোয়ার্জেনেগার বলতেই চোখের সামনে যেন ভেসে ওঠে এক পেশিবহুল দানবের ছবি। সুঠাম দেহের এই অভিনেতা রুপালি জগতে যেমন সফল তেমনি রাজনীতিতেও। কিন্তু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় পারিবারিক জীবনেই ব্যর্থ এই অভিনেতা ও রাজনীতিবিদ।গত জুলাইয়ে তাঁর ২৫ বছরের বিবাহিত জীবনের সমাপ্তি ঘটেছে। দীর্ঘ সময়ের সঙ্গী মারিয়া শ্রাইভার তাঁকে তালাক দিয়েছেন। গৃহপরিচারিকার পাশাপাশি অন্য নারীদের সঙ্গে অবৈধ সম্পর্কই তাঁর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।শোয়ার্জেনেগার স্বীকার করেছেন, তাঁর ২৫ বছরের বিবাহিত জীবনে বহু নারীর সঙ্গে মেলামেশা করেছেন তিনি। কিন্তু সবচেয়ে বড় ভুল করেছেন গৃহপরিচারিকার গর্ভে একটি ছেলেকে জন্ম দিয়ে।সিবিএস টেলিভিশনের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানের সাক্ষাৎকারে শোয়ার্জেনেগার এ কথা বলেছেন। সাবেক এই বডিবিল্ডার ও হলিউড তারকা বলেন, ২০১১ সালের জানুয়ারি মাসের কোনো এক দিন তাঁদের গৃহপরিচারিকার গর্ভে জন্ম নেওয়া ছেলেটিকে নিয়ে তাঁর সঙ্গে মারিয়ার প্রচণ্ড ঝগড়াঝাঁটি হয়। এরপর সেই সম্পর্ক আর উষ্ণ হয়নি।শোয়ার্জেনেগার আরও বলেন, তিনি অনেকটাই গোপন স্বভাবের। গুরুত্বপূর্ণ কোনো কিছুই স্ত্রীকে জানাতেন না। এমনকি তাঁকে ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে নির্বাচন করার সিদ্ধান্তের বিষয়টিও। নির্বাচনের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণার মাত্র কয়েক দিন আগে তিনি তা স্ত্রীকে জানান। এ ছাড়া তাঁর হূৎপিণ্ডে যে অস্ত্রোপচার করা হয়েছে তা-ও গোপন রাখেন। এসব কারণে তাঁর ওপর থেকে মারিয়ার বিশ্বাস উঠে যেতে শুরু করে।ক্যালিফোর্নিয়ার সাবেক এই গভর্নর স্বীকার করেছেন, তাঁদের দীর্ঘদিনের গৃহপরিচারিকা মিলড্রেড বায়েনার সঙ্গে তাঁর অন্তরঙ্গ সম্পর্ক ছিল। বায়েনার গর্ভে ১৯৯৭ সালে জন্ম নেয় যোসেফ নামের একটি ছেলে। ছেলেটি তাঁর সন্তানদের সঙ্গেই খেলাধুলা করত। কিন্তু যোসেফের বয়স যখন সাত-আট বছর তখন তার চেহারা দেখে মারিয়ার সন্দেহ হয়। কেননা যোসেফ দেখতে তাঁর মতোই। বিষয়টি নিয়ে গত বছর এক দিন মারিয়া তাঁকে জিজ্ঞাসা করেন, ‘আমি মনে করি, যোসেফ তোমারই সন্তান।’ জবাবে তিনিও বলেন, ‘তুমি একদম ঠিক বলেছ।’ শোয়ার্জেনেগার বলেন, ‘আমি আমার পুরো বিবাহিত জীবনে সবচেয়ে বোকামির কাজ করেছি এটিই। এটা ছিল ভয়াবহ। এ ঘটনা মারিয়াকে প্রচণ্ড কষ্ট দিয়েছে। আমার সন্তানেরাও অসম্ভব রকমের কষ্ট পেয়েছে।’শুধু যোসেফের ব্যাপারটিই নয়, মারিয়ার মনে আরও অনেক কারণে সন্দেহের সৃষ্টি হয়। শোয়ার্জেনেগার বলেন, একটি বইয়ে অভিনেত্রী ব্রিজিত নিয়েলসেনের সঙ্গে তাঁর উষ্ণ সম্পর্কের কথা তিনি উল্লেখ করেছিলেন। সেই থেকে তাঁদের মধ্যেও দূরত্বের সৃষ্টি হতে থাকে। এর বাইরেও ব্যভিচার করেছেন কি না—প্রশ্নে শোয়ার্জেনেগার অতীত স্বীকার করে বলেন, ‘আমার আরও সম্পর্ক ছিল। আমি সাধু নই।’শোয়ার্জেনেগারের এ সাক্ষাৎকারের ব্যাপারে মারিয়া বা তাঁর প্রতিনিধি কারও বক্তব্য পাওয়া যায়নি। এএফপি।