‘আমি হিজবুল্লাহর লোক নই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেবাননের হিজবুল্লাহ-সমর্থিত নবনিযুক্ত প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, ‘আমি হিজবুল্লাহর লোক নই।’ তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যার ঘটনা তদন্তে জাতিসংঘের ট্রাইব্যুনাল নিয়ে বিরোধ সংলাপের মাধ্যমে সমাধান করা হবে। গত মঙ্গলবার একটি বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। নাজিব মিকাতি বলেন, হিজবুল্লাহর মাধ্যমে তাঁর মনোনয়নের অর্থ এই নয় যে, তিনি তাদের কোনো রাজনৈতিক অবস্থানের কাছে বাঁধা।মিকাতি বলেন, সংলাপের মাধ্যমে জটিল সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করা হবে। তিনি বলেন, ট্রাইব্যুনালের কাজ বন্ধ করা লেবাননের সিদ্ধান্তের বিষয় নয়। ট্রাইব্যুনালের সঙ্গে সহযোগিতা করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। এদিকে সরকার গঠনের জন্য আলোচনা শুরুর প্রস্তুতি নিচ্ছেন মিকাতি। প্রধানমন্ত্রী পদে কোটিপতি এই ব্যবসায়ীর মনোনয়নের বিরুদ্ধে বিদায়ী প্রধানমন্ত্রী সাদ হারিরির সমর্থকদের বিক্ষোভের পর পরিস্থিতি শান্ত হয়ে এসেছে।সরকার গঠনের জন্য আলোচনা শুরু করার আগে মিকাতি তাঁর পাঁচজন পূর্বসূরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দেশটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। হারিরির সমর্থকদের বিক্ষোভের পর গতকাল বুধবার লেবাননের বিভিন্ন এলাকার সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে এসেছে। বৈরুত ও উত্তরাঞ্চলীয় বন্দরনগর ত্রিপোলির রাস্তায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যায়।ত্রিপোলির অনেকে জানান, মিকাতির নিয়োগের প্রতিবাদে তাঁরা সিটি স্কয়ারে তাঁবু স্থাপন করবেন। লেবাননের ক্ষমতা ভাগাভাগির পদ্ধতি অনুযায়ী প্রধানমন্ত্রী হবেন সুন্নি সম্প্রদায় থেকে। এএফপি।