‘আমিই সত্যিকারের স্বৈরশাসক’
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী আসমা আল-আসাদ পরিবারের মধ্যে নিজেকেই সত্যিকারের স্বৈরশাসক বলে মনে করেন। এক বন্ধুকে পাঠানো বিভিন্ন ই-মেইলে এ কথা বলেন আসমা। ওই ই-মেইলগুলো ফাঁস হয়ে গেছে।ই-মেইলে আসমার বক্তব্য থেকে মনে হয়, আসাদের ঘনিষ্ঠজনদের মধ্যে তাঁর (আসমা) নিজের বেশ ভালো একটি অবস্থান আছে। অভ্যুত্থান শুরুর আগেই তিনি সিরিয়ায় সংস্কারের ইচ্ছা পোষণ করেছিলেন। কিন্তু অভ্যুত্থানের পর চরম দমন-পীড়ন চালিয়ে সরকার ভুল করেছে বলে তিনি মনে করেন না।আসাদ ও আসমার ঘনিষ্ঠজন, বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরা মনে করেন, আসাদের কর্মকাণ্ডের প্রতি তাঁর পূর্ণ সমর্থন ও সহযোগিতা আছে। গত ১০ জানুয়ারি এক পারিবারিক বন্ধুকে পাঠানো ই-মেইলে আসমা তাঁর স্বামীর একটি ভাষণের প্রশংসা করেন। ওই ভাষণে আসাদের বক্তব্যের মূল ভাব ছিল, ‘আরও কঠোর হতে হবে, আর কোনো বিশৃঙ্খলা ঘটতে দেওয়া যাবে না।’অপর একটি ই-মেইলে আসমা অভিযোগ করেন, প্রেসিডেন্ট আসাদের একটি সাক্ষাৎকার এবিসি নিউজ এমনভাবে সম্পাদনা করেছে, যাতে তাঁর বক্তব্যের অর্থ বদলে গেছে।গত ১৭ জানুয়ারি সিরিয়ার হোমস শহরে সরকারি বাহিনীর অভিযানে শতাধিক মানুষ নিহত হওয়ার পরপরই এ নিয়ে কৌতুক করে একটি ই-মেইল পাঠান আসমা। ওই ই-মেইলের সঙ্গে তিনি জুড়ে দেন ইন্টারনেটে বহুল পরিচিত কিছু কৌতুক। এর একটি ছিল এমন, ‘কোন যুদ্ধে নেপোলিয়নের মৃত্যু হয়েছিল? এর উত্তর, জীবনের শেষ যুদ্ধে।’আসমা আল-আসাদ নিজেকে ‘স্বৈরশাসক’ ঘোষণাও করেছিলেন ঠাট্টাচ্ছলে। স্বামী-স্ত্রী একে অপরের প্রতি কতটা মনোযোগ দেন, তা নিয়ে কথা হচ্ছিল এক বন্ধুর সঙ্গে। তখন আসমা বলেন, ‘এখানে আমিই সত্যিকারের স্বৈরশাসক, আসাদের কোনো পছন্দ-অপছন্দ নেই।’ দ্য টেলিগ্রাফ।