'আরব কৃষাণী'র আদলে তৈরি স্ট্যাচু অব লিবার্টি

গণতন্ত্র ও মুক্তির প্রতীক স্ট্যাচু অব লিবার্টি এক আরব কৃষাণীর আদলে তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন গবেষকেরা। ফরাসি এক ভাস্কর স্ট্যাচু অব লিবার্টির আগে মিশরের একটি প্রকল্পের জন্য আরব এক নারীর ভাস্কর্য তৈরি করেছিলেন। পরে মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভের পর ফ্রান্স দেশটিকে স্ট্যাচু অব লিবার্টি উপহার হিসেবে দেয়।
আজ বুধবার এএফপির খবরে বলা হয়েছে, যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া ও অপর কয়েকটি মুসলিম দেশ থেকে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশ নিয়ে চলমান বিতর্কের মধ্যে গবেষকেরা এমন কথা জানালেন।
নিউইয়র্কে ‘স্ট্যাচু অব লিবার্টি’র পাহারা ও রক্ষণা-বেক্ষণের দায়িত্ব থাকা দেশটির ন্যাশনাল পার্ক সার্ভিস জানিয়েছে, ফরাসি ভাস্কর ফ্রেডরিক অগাস্টি বার্থলদি ১৮৫৫ থেকে ১৮৫৬ সাল পর্যন্ত মিসর সফর করেন। এ সময় তিনি দেশটিতে বিরাট আকৃতির সরকারি স্মৃতিস্তম্ভ ও প্রস্তরে খোদাই করা ভাস্কর্য তৈরি করেন।
মিসর ১৮৬৯ সালে সুয়েজ খালের জন্য একটি লাইট হাউস নির্মাণের কথা ভাবছিল। এ সময় অগাস্টি বার্থলদি একটি বিরাট নারী ভাস্কর্যের নকশা তৈরি করেন। ঢিলে-ঢালা জামা পরা ওই নারীর ভাস্কর্যটির হাতে একটি মশাল ছিল। তিনি এই ভাস্কর্যের নাম দেন ‘এশিয়ার জন্য আলো নিয়ে এসেছে মিসর।’ ‘ঘোমটা দেওয়া এক কৃষাণী’র আদলে ওই ভাস্কর্যের নকশা করেছিলেন বার্থলদি।
১৮৭০ সালে ওই ভাস্কর আগের নানা ভাস্কর্যের অনুকরণে স্ট্যাচু অব লিবার্টি তৈরি করেন। পরে ১৮৮৬ সালে এটি উন্মোচন করা হয়।