২০১১ সালে মধ্যপ্রাচ্যজুড়ে উৎসারিত হয়েছে ‘আরব বসন্তের’ গণজোয়ার। তিউনিসিয়া, মিসর ও লিবিয়ায় জনতার ইচ্ছা ও শক্তির কাছে হার মেনেছেন দীর্ঘদিন ক্ষমতা কুক্ষিগত করে থাকা স্বৈরশাসকেরা। এ পরিবর্তনের ঢেউ ছড়িয়ে পড়েছে এশিয়াসহ বিশ্বের অন্য দেশগুলোতেও, কিন্তু সে ক্ষেত্রে এ বছর সাফল্য খুব কম।আরব বসন্তের জের ধরে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে সাধারণ মানুষ ও বিরোধী দল সরকারের কাছে বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছে। এ ক্ষেত্রে দারুণ সক্রিয় ছিল অনলাইনভিত্তিক প্রচারণা। কিন্তু চীনসহ আরও কয়েকটি দেশে দানা বেঁধে উঠতে পারেনি বিক্ষোভ ও আন্দোলন। সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির রাজনৈতিক বিশ্লেষক ব্রিগেট ওয়ালেস বলেন, এ বছর মানুষের মধ্যে জেগে ওঠার একটা প্রবণতা দেখা গেছে। তবে বিরোধী দলগুলোর ক্ষেত্রে নয়, তা ছিল গণমানুষের ক্ষমতায়ন।সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের আর্নেস্ট বোয়ার ২০১১ সালকে এই অঞ্চলের ভোটারদের বছর হিসেবে অভিহিত করেছেন। তিনি লিখেছেন, ‘সংস্কারের মাধ্যমে সরকারগুলোর ক্ষমতা টিকিয়ে রাখার জোর চেষ্টা করেছে।’মধ্যপ্রাচ্যে যা ঘটেছে, তা কোনো ভূমিকম্প নয়। তবে বিশ্লেষকেরা বলছেন, যেসব দেশে ক্ষমতার কাঠামো দশকের পর দশক ধরে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে ছিল, সেখানে ছোটখাটো গণতান্ত্রিক অগ্রগতিও গুরুত্ববহ। যেমন সিঙ্গাপুর। সেখানেও নির্বাচনে রেকর্ড পরিমাণ কম ভোট পাওয়ার পর ক্ষমতাসীন দল নিজ নীতি ও আদর্শ নতুন করে মূল্যায়নে বাধ্য হয়েছে।মালয়েশিয়ায় স্বাধীনতার পর দেশ শাসন করছে একটিমাত্র দল। কিন্তু গত ২০০৮ সালের নির্বাচনের পর জন্ম নেওয়া অসন্তোষ এ বছরের জুলাইয়ে নতুন মাত্রা পায়। ব্যাপক বিক্ষোভ হয় রাজপথে, কর্তৃপক্ষও অনমনীয়তার প্রকাশ ঘটিয়ে গণহারে গ্রেপ্তার করে বিক্ষোভকারীদের। তাঁদের ওপর দমন-পীড়নের জোর সমালোচনা এবং আগামী বছর নতুন করে ভোট হতে পারে—এ সম্ভাবনায় নির্বাচন পদ্ধতির সংস্কারসহ বিক্ষোভকারীদের অনেক দাবি মেনে নিয়েছেন প্রধানমন্ত্রী নাজিব রাজাক। চলতি বছর এই অঞ্চলে সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে মিয়ানমারে। ২ ডিসেম্বর বিশ্ব দেখেছে দেশটির গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চির সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বৈঠক, যা কিছুদিন আগেও ছিল অকল্পনীয়।ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের দক্ষিণ এশিয়া শাখার প্রকল্প পরিচালক জিম ডেলা-গিয়েকোমা বলেন, ‘এ থেকে মনে হচ্ছে, বড় ধরনের সংস্কারের পথেই এগোচ্ছে মিয়ানমার।’ এএফপি।