২০১০ সালের ডিসেম্বরের পর আরব বিশ্বের বেশ কয়েকটি দেশে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন হয়েছে। ‘আরব-বসন্ত’ নামে এ জাগরণে তিউনিসিয়া, মিসর ও লিবিয়ায় ক্ষমতাসীনদের পতন ঘটেছে। ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টা হয়েছে বাহরাইনে। পরিবর্তন এসেছে ইয়েমেনের নেতৃত্বে। সিরিয়ায় এখনো চলছে গৃহযুদ্ধ। কিন্তু গণজাগরণের দুই বছর পেরিয়ে কী পেল আরবরা। আসেনি সেই বিপ্লবের সুফল। আরব বিশ্ব এখনো উত্তাল। স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে এখনো ফুঁসে উঠছে আরব জনগণ।তিউনিসিয়া: ২৩ বছর ক্ষমতায় থাকার পর ২০১১ সালের ১৪ জানুয়ারি গণ-আন্দোলনের মুখে পদত্যাগ করেন প্রেসিডেন্ট জয়নাল আবেদিন বেন আলি। গত বছরের অক্টোবরে প্রথম স্বাধীন নির্বাচনে বিজয়ী হয় কট্টরপন্থী ইসলামি পার্টি। কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতা থামেনি, বরং বিক্ষোভ আর রাজনৈতিক সংকটে অচল হয়ে পড়েছে দেশটি। ভঙ্গুর অর্থনীতিকে চাঙা করতে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার। তা ছাড়া অপরাধে ছেয়ে গেছে সারা দেশ।মার্কিন দূতাবাসে হামলাসহ কট্টরপন্থী সালাফিস্টরা অব্যাহতভাবে সহিংসতা চালিয়ে যাচ্ছে। এর বাইরে নতুন সংবিধান ও নির্বাচনী আইন চূড়ান্ত করতে পারেনি নতুন সরকার। কোনো পরিবর্তন আসেনি সাধারণের জীবনে। ফুটপাতের ব্যবসায়ী এজিদিন নাসরি ক্ষোভ প্রকাশ করে বলছিলেন, ‘আপনি কোন বিপ্লবের কথা বলছেন? এখানে কোনো পরিবর্তনই হয়নি।’মিসর: হোসনি মোবারক-পরবর্তী প্রথম নির্বাচনে বিজয়ী মোহাম্মদ মুরসি ক্ষমতা গ্রহণের পরপরই দেশটি আবার বিক্ষোভে উত্তাল। নিজের ক্ষমতা বৃদ্ধি করে আদেশ (ডিক্রি) জারি করে জনরোষের সৃষ্টি করেছেন মুরসি। খসড়া সংবিধানের ওপর আজকের গণভোট নিয়েও মিসরীয়দের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। ডিক্রি বাতিল ও গণভোটের প্রতিবাদে কায়রোর তাহরির স্কয়ার আবারও বিস্ফোরণোন্মুখ। মুরসি-সমর্থক মুসলিম ব্রাদারহুড ও বিরোধীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। বিক্ষোভের মুখে ডিক্রি বাতিল করলেও আজ ১৫ ডিসেম্বর ও আগামী ২২ ডিসেম্বর দুই দফায় খসড়া সংবিধানের ওপর গণভোট হওয়ার কথা। বিরোধীরা এই গণভোট বর্জনের ঘোষণা দিয়েছে।লিবিয়া: লৌহমানব মুয়াম্মার গাদ্দাফি গত বছরের ২০ অক্টোবর নিহত হন। প্রধানমন্ত্রী আলি জিদানের নতুন মন্ত্রিপরিষদ চলতি বছরের নভেম্বরে শপথ নেয়। তারা তেল উৎপাদনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করলেও দেশটির নিরাপত্তা-পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে। জঙ্গি ও মিলিশিয়াদের তৎপরতা বেড়েছে। বেনগাজিতে মার্কিন উপদূতাবাসে সন্ত্রাসী হামলায় মার্কিন রাষ্ট্রদূতসহ চার মার্কিন নিহত হন।সিরিয়া: ২০১১ সালের ১৫ মার্চ থেকে শুরু সরকারবিরোধী বিক্ষোভ বর্তমানে গৃহযুদ্ধে রূপ নিয়েছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধী পক্ষগুলো একক জোট হিসেবে আত্মপ্রকাশ করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই জোটকে স্বীকৃতিও দিয়েছে। অন্যদিকে আসাদ বাহিনীও মরিয়া। দুই পক্ষের লড়াইয়ে প্রতিনিয়ত প্রকম্পিত হয়ে উঠছে রাজধানী দামেস্কসহ পুরো দেশ। ২১ মাসে সহিংসতায় এ পর্যন্ত ৪২ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। ইয়েমেন: প্রবীণ প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ গত ফেব্রুয়ারিতে ভাইস প্রেসিডেন্ট আবদরাব্বো মনসুর হাদির কাছে ক্ষমতা হস্তান্তর করেন। কিন্তু কেন্দ্রীয় সরকারের দুর্বলতার সুযোগে আল-কায়েদা দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিশাল এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।বাহরাইন: সাংবিধানিক রাজতন্ত্রের দাবিতে শিয়া সম্প্রদায়ের নেতৃত্বে ফুঁসে উঠেছিল বিরোধীরা। কিন্তু সুন্নি রাজতন্ত্রের অনুসারী নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে গত বছরের মার্চে সেই বিক্ষোভ দৃশ্যত দমন হলেও শিয়ারা এখনো বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।জর্ডান: অন্যান্য দেশের তুলনায় জর্ডানে বিক্ষোভের তেজটা কম। তবে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের দাবিতে সেখানেও অব্যাহতভাবে বিক্ষোভ চলছে।