‘আরেক জীবনে তাঁকে বিয়ে করতাম না’
নতুন জীবন বেছে নেওয়ার সুযোগ পেলে বর্তমান স্বামীকে বিয়ে করতেন না তিনি। ভিন্ন এক জীবন বেছে নিতেন। নতুন জীবনের এই প্রত্যাশী হলেন জাপানের প্রধানমন্ত্রী নাওতো কানের স্ত্রী নোবুকো কান। টোকিওতে গতকাল সাংবাদিকদের তিনি এ কথা বলেন। নোবুকো কান বলেন, ‘এই জীবনে তো এর মধ্যে বাস করেছি। কাজেই আরেক জীবনে একই ঘটনা মোটেও মনে ধরবে না। এ জন্য আমি ওই সুযোগ পেলে পুরোপুরি ভিন্ন জীবন চাই।’স্পষ্টবাদিতা ও দেশের ঐতিহ্যবাহী পোশাক কিমোনো পরায় মার্জিত রুচির কারণে সুখ্যাতি অর্জন করেছেন নোবুকো। সাংবাদিকদের তিনি বলেন, স্বামীর একজন কট্টর সমালোচক তিনি। প্রধানমন্ত্রী একবার কথা প্রসঙ্গে বলেছিলেন, বাড়িতে তাঁর বিরোধী দল হলেন স্ত্রী।নোবুকো বলেন, বাড়িতে স্বামীর সঙ্গে আমার যে বাতচিত হয়, এতে বরং তাঁর উপকারই হয়। তিনি প্রায়ই আমাকে বলেন, ডায়েটে (জাপানি পার্লামেন্ট) যেতে তাঁর আদৌ ভালো লাগে না। কারণ সেখানে প্রত্যেকেই সমালোচক। কিন্তু বাড়িতে বসে স্ত্রীর ভর্ৎসনা হজম করার চেয়ে সেখানে যাওয়া অনেক ভালো। এ কারণে তিনি বাড়ির চেয়ে ডায়েটমুখী বেশি থাকতে চান। এভাবে আমার কারণেই তাঁর ডায়েটে যাওয়া হয়। বিবিসি।