‘আসল যুদ্ধ’ শুরু হচ্ছে আলেপ্পোয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পোয় ‘আসল যুদ্ধ’ শুরু হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর প্রধান হার্ভ ল্যাডসাস। শহরটিতে সহিংসতা দিন দিন বাড়ছে। গত বৃহস্পতিবার সিরিয়াজুড়ে সহিংসতায় ১৭০ জন নিহত হয়েছে।হার্ভ ল্যাডসাস গত বৃহস্পতিবার বলেন, ‘দুই সপ্তাহ আগে সিরিয়ার সহিংসতার কেন্দ্রবিন্দু ছিল রাজধানী দামেস্ক। এখন সেই কেন্দ্রবিন্দু আলেপ্পো। এখানে আসাদ বাহিনী ও বিদ্রোহীরা নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করেছে। জাতিসংঘের পর্যবেক্ষকেরা আলেপ্পোর লড়াইয়ে বিদ্রোহীদের ট্যাংক ব্যবহার করতে দেখেননি। এখন তাদের ট্যাংকও আছে। তাই আমাদের ধারণা, আলেপ্পোয় দুই পক্ষের আসল লড়াই শুরু হতে যাচ্ছে।’যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বৃহস্পতিবার সিরিয়াজুড়ে সহিংসতায় ১৭০ জন নিহত হয়েছে। এর মধ্যে আলেপ্পোর দক্ষিণে হামায় সহিংসতায় ৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারায়। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানী দামেস্কে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে গোলা নিক্ষেপে অন্তত ১৫ জন নিহত হয়। এ ঘটনায় সেনাবাহিনী ও বিদ্রোহীরা পরস্পরকে দায়ী করছে। অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক আবদেল রহমান এই হামলার আন্তর্জাতিক তদন্ত দাবি করেছেন। এদিকে হোমস প্রদেশের হুলা শহরে বৃহস্পতিবার রাতে ব্যাপক গোলাবর্ষণ করা হয়েছে। বিদ্রোহীরা এ জন্য বাশার বাহিনীকে দায়ী করেছে। এই গোলাবর্ষণে শতাধিক লোকের প্রাণহানি হয় বলে জানিয়েছে অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। তাদের তথ্যমতে, প্রেসিডেন্ট বাশারবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর গত ১৭ মাসে সহিংসতায় সিরিয়ায় ২০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে এ সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। জাতিসংঘ সিরিয়ায় নিহতের হিসাব রাখা বন্ধ করে দিয়েছে। এএফপি, বিবিসি।