'ইইউ-যুক্তরাজ্য সম্পর্ক প্রশ্নে আরও শক্তিশালী অবস্থানে ক্যামেরন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য অনুষ্ঠিত নির্বাচনে এককভাবে ক্ষমতায় আসায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এখন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক পুনর্বিন্যাস প্রশ্নে আরও শক্তিশালী অবস্থানে রয়েছেন। এমন প্রেক্ষাপটে তিনি যা চান, তাঁকে তা করার সুযোগ দেবে ইইউ। ইউরোপীয় কমিশনের (ইসি) সাবেক প্রেসিডেন্ট হোসে মানুয়েল বারোসো গতকাল সোমবার এ মন্তব্য করেছেন। খবর রয়টার্সের।
যুক্তরাজ্যের গত সপ্তাহে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে সবাইকে বিস্মিত করে একক সংখ্যাগরিষ্ঠতা পায় ক্যামেরনের কনজারভেটিভ পার্টি। নির্বাচনের আগে তিনি যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার মধ্যে অন্যতম হলো ইইউর সঙ্গে তাঁর দেশের সম্পর্ক পুনর্বিবেচনার বিষয়টি। যুক্তরাজ্য ইইউর সদস্য থাকবে কি না, সে প্রশ্নে ২০১৭ সালের আগেই তিনি দেশ একটি গণভোট অনুষ্ঠানের পরিকল্পনা করছেন।
ইইউর অন্য নেতাদের সঙ্গে এখনো ঘনিষ্ঠ সম্পর্ক থাকা বারোসো মনে করছেন, একটি চুক্তি সম্পাদন করার সুযোগ রয়েছে। বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি মনে করি ইউরোপ প্রশ্নে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেশের ভেতরে এখন তাঁর অধিকতর কর্তৃত্ব রয়েছে।’
জ্বালানি মন্ত্রণালয়ে নতুন মুখ: নতুন মেয়াদে জয়ী হওয়ার পর মন্ত্রিসভা গঠনের ধারাবাহিকতায় গতকাল নতুন জ্বালানিমন্ত্রীর নাম ঘোষণা করেছেন ক্যামেরন। তিনি এ পদে বসিয়েছেন অ্যাম্বার রাডকে। একটি বিনিয়োগ ব্যাংকে ক্যারিয়ার শুরু করার আগে রাড জ্বালানি ও জলবায়ু পরিবর্তনবিষয়ক দপ্তরের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।