'ইউক্রেনে স্থিতিশীলতা দেখতে চায় রাশিয়া'
প্রতিবেশী রাষ্ট্র ইউক্রেনে স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক দেখতে চায় রাশিয়া। গতকাল বুধবার মস্কো সফররত ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইউরি বইকোর সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ।
মেদভেদেভ বলেন, ইউক্রেনের পরিস্থিতি অভ্যন্তরীণ বিষয়। কিন্তু সেখানে স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একটি বাণিজ্য চুক্তি প্রত্যাখ্যানের জের ধরে ইউক্রেনে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভ করেছে হাজার হাজার ইইউপন্থী।
ইউক্রেন সরকার গতকাল উপপ্রধানমন্ত্রী ইউরি বইকোর নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল রাশিয়ায় পাঠায়। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি সই প্রত্যাখ্যানের পর এটাই ইউক্রেনের কোনো প্রতিনিধিদলের প্রথম মস্কো সফর। এ সফরে ইউক্রেনের কর্মকর্তারা রাশিয়ার সঙ্গে গ্যাসসহ অন্যান্য অর্থনৈতিক ইস্যু নিয়ে আলোচনা করবেন। ইউক্রেনের প্রধানমন্ত্রী মাইকোলা আজারোভ তাঁর মন্ত্রিপরিষদকে বলেছেন, ইউক্রেনের শিল্প ও অর্থনীতির উন্নয়ন এবং তা রক্ষায় এটা খুবই গুরুত্বপূর্ণ।
এদিকে বিক্ষোভ দমনে ‘অতিরিক্ত শক্তি প্রয়োগের’ জন্য ন্যাটো ইউক্রেন সরকারের যে নিন্দা করেছে, তার সমালোচনা করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ন্যাটোর অবস্থান তাঁর বোধগম্য নয়।
ব্রাসেলসে গতকাল ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে লাভরভ বলেন, ‘আমি বুঝতে পারছি না যে ন্যাটো কেন এ ধরনের বিবৃতি দিয়েছে।’ ইউক্রেন সরকারের সমালোচনা করে মঙ্গলবার বিবৃতিটি দেয় ন্যাটো। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আশা করছি, ইউক্রেনের রাজনীতিবিদেরা পরিস্থিতি শান্তিপূর্ণ অবস্থানে নিয়ে যেতে সক্ষম হবেন।’ রয়টার্স।