‘ইউরো অঞ্চল থেকে বের হলে গ্রিসের অর্থনীতি ভেঙে পড়বে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসে আবার পার্লামেন্ট নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে দেশটির তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী প্যানাগিওতিস পিক্রামেনোস গতকাল শুক্রবার বলেছেন, তাঁরা দেশকে একটি নিরাপদ অবস্থানে নিয়ে যেতে কাজ শুরু করেছেন।এদিকে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্টের প্রধান মার্টিন স্কুলজ সতর্ক করে দিয়ে বলেছেন, গ্রিস ইউরো অঞ্চল থেকে বেরিয়ে গেলে কয়েক দিনের মধ্যে সে দেশের অর্থনীতি ভেঙে পড়বে।গ্রিস ছয় সপ্তাহের মধ্যে দ্বিতীয় পার্লামেন্ট নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে। ঋণসংকট কাটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও ইইউর কাছ থেকে কঠিন শর্তে সহায়তা প্যাকেজ নিতে রাজনৈতিক দলগুলোর মতবিরোধের কারণে ৬ মে নির্বাচনের পরও সরকার গঠন করা সম্ভব হয়নি।তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী প্যানাগিওতিস বলেন, ‘পুরো ইউরোপ আমাদের পর্যবেক্ষণ করছে। এটা আমরা ভুলব না। দেশকে একটি নিরাপদ স্থানে নিয়ে যেতে আমরা সবাই অবশ্যই একসঙ্গে কাজ করব।’ তিনি বলেন, কয়েক মাস কাজ করার জন্য তত্ত্বাবধায়ক মন্ত্রিসভার কাউকে কোনো বেতন-ভাতা দেওয়া হবে না। দেশের কঠিন সময় মন্ত্রীদের এমন উদাহরণ সৃষ্টি করতে হবে। গত বৃহস্পতিবার রাতে তাঁর নেতৃত্বে তত্ত্বাবধায়ক মন্ত্রিসভা শপথ নেওয়ার পর নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে।পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী ১৭ জুন। জনমত জরিপে দেখা যায়, কঠিন শর্ত মেনে আইএমএফ ও ইইউর কাছ থেকে সহায়তা প্যাকেজ গ্রহণের বিপক্ষে অবস্থান নেওয়া বামপন্থী সিরিজা পার্টির জনসমর্থন বাড়ছে। আসন্ন নির্বাচনে দলটির পক্ষে ২৪ দশমিক ৫ শতাংশ ভোট পড়বে বলে জরিপে বলা হচ্ছে।ইইউ পার্লামেন্টের প্রধান মার্টিন বলেন, ‘আমি মনে করি ইউরো অঞ্চল থেকে গ্রিসের বের হয়ে যাওয়া ভয়াবহ ঝুঁকিপূর্ণ হবে। এর ফলে গ্রিসের অর্থনীতি কয়েক দিনের মধ্যে ভেঙে পড়বে।’ গতকাল গ্রিস সফরে গিয়ে মার্টিন এসব কথা বলেন। মার্টিন গ্রিসের প্রেসিডেন্ট ক্যারোলাস পাপুলিয়াস ও সহায়তা প্যাকেজের বিরোধী সিরিজা পার্টির নেতা অ্যালেক্সিস স্ত্রিপরাসের সঙ্গে বৈঠক করার কথা। এএফপি।