'ইঙ্গ-মার্কিন হামলার কারণে আইএসের উত্থান'

২০০৩ সালে মার্কিন বাহিনীর নেতৃত্বে ইরাকে সামরিক অভিযান চালানোর সময় যেসব ‘ভুল’ হয়েছিল, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। ওই যুদ্ধের ফলেই জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) উত্থান হয়েছে বলেও তিনি স্বীকার করেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে ব্লেয়ার এসব কথা বলেন। সাক্ষাৎকারটি আজ রোববার প্রচার করা হয় বলে এএফপির খবরে বলা হয়েছে।
টনি ব্লেয়ার বলেন, ‘আমরা যে গোয়েন্দা তথ্যগুলো পেয়েছিলাম, তা ছিল ভুল। এ জন্য আমি দুঃখ প্রকাশ করছি। কারণ, সাদ্দাম হোসেন নিজ দেশের জনগণের বিরুদ্ধে এবং অন্যদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করলেও সেটার মাত্রা যে রকম আমরা ভেবেছিলাম, ঠিক তেমন ছিল না।’
ইরাক যুদ্ধই আইএসের উত্থানের কারণ কি না—এ প্রশ্নের জবাবে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, এমন দাবির পক্ষে ‘সত্যের উপাদান’ রয়েছে। যারা ২০০৩ সালে সাদ্দামকে উৎখাত করেছিল, ২০১৫ সালে ইরাক পরিস্থিতির কোনো দায় তাদের নেই-এমনটা বলা যায় না। তা ছাড়া আইএস এসেছে মূলত সিরিয়া থেকে, ইরাক থেকে নয়।
তবে সাদ্দামকে উৎখাতের পক্ষে সাফাই গেয়ে ব্লেয়ার বলেন, এ বিষয়ে দুঃখ প্রকাশ করাটা তাঁর কাছে কঠিন মনে হয়। তিনি মনে করেন, এই ২০১৫ সালেও ইরাকের পরিস্থিতি সাদ্দামের শাসনকালের চেয়ে ভালো।
সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে—এ অভিযোগের ভিত্তিতেই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইরাকে সামরিক হামলা চালায়। কিন্তু যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়, সেটা পরবর্তী সময়ে ভুল প্রমাণিত হয়েছে। সাদ্দাম সরকারের পতনের পর ইরাকে বিশৃঙ্খলা দেখা দেয় এবং পরে দেশটিতে জাতিগত সহিংসতা ভয়াবহ আকারে বেড়ে যায়। এরই মধ্যে উত্থান ঘটে জঙ্গি সংগঠন আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস)। লাখো ইরাকির সঙ্গে নিহত হয় অন্তত চার হাজার মার্কিন এবং ১৭৯ জন ব্রিটিশ সেনা। ২০০৩ সালের ইরাক যুদ্ধে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে জোরালো সমর্থন দেন টনি ব্লেয়ার। এ কারণে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন।