‘ইনোসেন্স অব মুসলিমস’ নিয়ে রহস্য
যুক্তরাষ্ট্রে নির্মিত ইসলামবিরোধী চলচ্চিত্র ইনোসেন্স অব মুসলিমসকে কেন্দ্র করে উত্তাল মধ্যপ্রাচ্যের দেশগুলো। কয়েকটি দেশে মার্কিন দূতাবাসে হামলা হয়েছে। লিবিয়ায় নিহত হয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। তবে যে চলচ্চিত্র নিয়ে এত সব ঘটনা, সেটির নির্মাতাদের প্রকৃত পরিচয় নিয়ে রয়েছে ধূম্রজাল।ইনোসেন্স অব মুসলিমস চলচ্চিত্রের পরিচালক নিজেকে স্যাম বাসিল নামে পরিচয় দেন। তিনি গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকায় এক সাক্ষার্যাকারে ইসলাম ধর্মের বিরুদ্ধে নানা কথা বলেন। বাসিল জানান, চলচ্চিত্রটি নির্মাণ করতে ১০০ জন ইহুদি মোট পাঁচ মিলিয়ন ডলার অর্থ দিয়েছেন। চলচ্চিত্রে কাজ করেছেন ৬০ জন অভিনেতা ও ৪৫ জন কলাকুশলী। ওই চলচ্চিত্র নিয়ে লিবিয়া ও মিসরে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকেই আত্মগোপনে আছেন তিনি।চলচ্চিত্রটির অভিনেতা ও কলাকুশলীদের কয়েকজন দাবি করেন, ইসলাম ধর্মকে অবমাননাকারী সংলাপগুলো তাঁদের আসল সংলাপ নয়। এগুলো পরে সংযোজন (ডাবিং) করা হয়েছে।কলাকুশলীদের একজন স্টিভ ক্লেইন চলচ্চিত্রের সঙ্গে ইসরায়েলি কর্তৃপক্ষের সম্পৃক্ততার খবর নাকচ করেন। তিনি জানান, বাসিল নামটি পরিচালকের ছদ্মনাম। লিবিয়ায় মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সের মৃত্যুর খবরে বাসিল চরম আঘাত পেয়েছেন।নির্মিত হওয়ার পর প্রায় তিন মাস আগে হলিউডের একটি থিয়েটারে প্রথম চলচ্চিত্রটি দেখানো হয়। গত সপ্তাহে চলচ্চিত্রটির আরবি ভাষায় ডাবিং করা সংস্করণ মুক্তি পায় এবং মিসরের একটি টেলিভিশনে এর ভিডিও ফুটেজ প্রচারিত হওয়ার পর বিক্ষোভ শুরু হয়। এএফপি।