'ইবোলার প্রাদুর্ভাব বন্ধ হবে আগস্টের মধ্যেই'
পশ্চিম আফ্রিকায় প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব আগামী আগস্টের মধ্যেই বন্ধ হয়ে যাবে। জাতিসংঘের ইবোলা মিশনের প্রধান ইসমাইল ওলাদ শেখ আহমেদ শুনিয়েছেন এ আশাবাদ। শুরুতে ইবোলা সংকট মোকাবিলায় জাতিসংঘ ভুল করেছিল বলেও স্বীকার করেন তিনি। খবর বিবিসির।
ইবোলা মিশনের প্রধান ইসমাইল ওলাদ বলেছেন, ভাইরাসটি প্রথম যখন আক্রমণ শুরু করে, তখন সম্ভবত এ বিষয়ে জানাশোনার ঘাটতি ছিল। পাশাপাশি সংকট মোকাবিলায় কর্মকর্তাদের মধ্যে কিছুটা ‘দাম্ভিকতা’র ভাবও ছিল। তবে সেখান থেকে শিক্ষা নেওয়া হয়েছে। ইবোলার প্রাদুর্ভাবের ইতি ঘটার বিষয়ে তিনি বলেন, ‘আমরা সুনির্দিষ্ট কোনো তারিখ দিচ্ছি না। তবে আমি নিশ্চিত, আগামী গ্রীষ্মকালের মধ্যেই তা বন্ধ হয়ে যাবে।’
এবারের ইবোলা প্রাদুর্ভাবের প্রথম শিকার হয় গিনির প্রত্যন্ত এলাকার একটি শিশু। তার মৃত্যু হয়েছিল ২০১৩ সালের ডিসেম্বরে। এর তিন মাস পর গত বছরের ২৩ মার্চ ইবোলা প্রাদুর্ভাবের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তারও পাঁচ মাস পর জাতিসংঘ যখন একে গণস্বাস্থ্যবিষয়ক জরুরি আন্তর্জাতিক উদ্বেগ হিসেবে ঘোষণা করে, তত দিনে এক হাজারের বেশি মৃত্যু ঘটে যায়।
ফ্রান্সভিত্তিক চিকিৎসকদের দাতব্য সংগঠন ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) সোমবার অভিযোগ করে, তারা সতর্ক করলেও সময়মতো সাড়া দেয়নি বিশ্ব। একারণেই এতগুলো প্রাণহানি ঘটে।
এমএসএফের জরুরি পরিস্থিতির সমন্বয়ক হেনরি গ্রে বলেন, ‘আমরা গত বছরের মার্চ মাসেই বুঝেছিলাম, এটা ভিন্ন কিছু হতে চলেছে। আমরা ডব্লিউএইচও এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর সরকারকে বার্তাটি দেওয়ার চেষ্টাও করেছিলাম। আমাদের কথা শোনা হয়নি।’
ডব্লিউএইচওর অস্বীকার: এদিকে ইবোলা নিয়ে জরুরি অবস্থা জারির ক্ষেত্রে বিলম্বের পেছনে রাজনৈতিক কারণ ছিল—এ অভিযোগ অস্বীকার করেছে ডব্লিউএইচও। বিশ্ব সংস্থাটির অভ্যন্তরীণ যোগাযোগের নথিপত্রের বরাত দিয়ে গত সপ্তাহে এমন অভিযোগ তুলে একটি খবর প্রকাশ করে বার্তা সংস্থা এপি।