‘ইরাক যুদ্ধ ঠিক ছিল তবে নিহতদের জন্য কেঁদেছি’
ইরাক যুদ্ধে যাওয়া ভুল হয়নি বলেই এখনো মনে-প্রাণে বিশ্বাস করেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। তবে একই সঙ্গে ইরাক যুদ্ধে সেনা ও সাধারণ নাগরিকদের মৃত্যু তাঁকে কাঁদিয়েছিল বলে জানিয়েছেন ব্লেয়ার। গতকাল বুধবার প্রকাশিত আত্মজীবনী এ জার্নিতে এ কথা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী।প্রিন্সেস ডায়ানার এখনো রহস্যে ঢাকা দুর্ঘটনাজনিত মৃত্যু থেকে শুরু করে টুইন টাওয়ারে হামলার ঘটনা এবং তত্পরবর্তী ইরাক অভিযানের ব্যাপারে বহু দুর্লভ তথ্য এ বইয়ে যুক্ত হয়েছে বলে প্রকাশনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।যুক্তরাষ্ট্রভিত্তিক প্রকাশনা সংস্থা র্যান্ডম বুক হাউস বইটি প্রকাশ করেছে। তারা সম্মানী বাবদ ব্লেয়ারকে দিয়েছে ৭৫ লাখ মার্কিন ডলার। ব্লেয়ার ওই অর্থের পুরোটাই আঘাতপ্রাপ্ত ও পঙ্গু সেনাদের পুনর্বাসনসংক্রান্ত একটি দাতব্য প্রতিষ্ঠানকে দেওয়ার ঘোষণা দিয়েছেন।আত্মজীবনীতে ব্লেয়ার বলেছেন, তিনি এখনো মনে করেন, ইরাক অভিযান সঠিক ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রকে ওই অভিযানে সহায়তা দেওয়া নিয়ে তাঁর মনে কোনো অনুশোচনা নেই।গত মঙ্গলবার বইটির নির্বাচিত অংশ প্রকাশ করা হয়। এতে দেখা গেছে, ব্লেয়ার লিখেছেন যে তিনি এখনো বিশ্বাস করেন, সাদ্দাম হোসেনকে ইরাকের শাসনক্ষমতায় থাকতে দেওয়া হলে তা অত্যন্ত ঝুঁকির কাজ হতো। সাদ্দাম হোসেনের পর তাঁর ছেলেরা ক্ষমতায় এলে অবস্থা আরও খারাপের দিকে যেত। ব্লেয়ার বলেছেন, ‘যুদ্ধে যাওয়ার সিদ্ধান্তের ব্যাপারে আমার কোনো অনুশোচনা নেই।’ তবে যুদ্ধে যারা প্রাণ হারিয়েছে, তাদের জন্য তিনি কেঁদেছেন।ব্লেয়ার তাঁর পানাভ্যাস, রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে তাঁর সম্পর্ক এবং উত্তরসূরিদের সঙ্গে সুসম্পর্কের বিষয়েও লিখেছেন। সুরা পান সম্পর্কে ব্লেয়ার লিখেছেন, সন্ধ্যায় একটা জিন অ্যান্ড টনিক বা হুইস্কির পর ডিনারে গ্লাস দুয়েক এমনকি আধা বোতল ওয়াইন পর্যন্ত খান তিনি। ব্লেয়ার বলেন, এটি মাত্রাতিরিক্ত নয়, তবে গ্রহণযোগ্য সীমার শেষ দিকেই। তিনি বলেন, কাজের প্রচণ্ড চাপের পর একটু ‘রিল্যাক্স’ করার জন্য তাঁর এটা দরকার। ব্লেয়ার লিখেছেন, আসক্ত না হয়ে পড়লেও একটু স্বস্তির জন্য মদ যে ভরসা হয়ে উঠেছিল, সেটা তিনি বুঝতে পেরেছেন।টনি ব্লেয়ার আত্মজীবনীতে সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনকে ‘জটিল এবং কখনো কখনো বিরক্তিকর’ প্রকৃতির বলে অভিহিত করেন। এই প্রথমবার ব্লেয়ার তাঁদের সম্পর্কের অনেক ভেতরের কথা প্রকাশ করলেন। গর্ডন ব্রাউনের রাজনৈতিক কূটকৌশলের প্রশংসা করলেও ‘রাজনৈতিক অনুভূতি’ ও ‘রাজনৈতিক আবেগে’ তাঁকে শূন্য দেন। তবে একই সঙ্গে তাঁকে শক্তিশালী ও সমর্থ রাজনীতিক হিসেবেও স্বীকৃতি দিয়েছেন।টনি ব্লেয়ারের প্রধানমন্ত্রিত্বের সময় ব্রাউন অর্থমন্ত্রী ছিলেন। তখন তাঁদের মধ্যে সম্পর্ক বিশেষ মধুর ছিল না। ব্লেয়ার বইতে বলেছেন, নিউ লেবারের আদর্শ ভালো করে আঁকড়ে না ধরলে প্রধানমন্ত্রী হিসেবে তিনি বিপর্যয়কর হতেন। পর্যবেক্ষকেরা বলেছেন, এ বই থেকে বোঝা যাচ্ছে যে যতটা খবর প্রকাশিত হয়েছে, এ দুজনের সম্পর্ক তার চেয়ে অনেক খারাপ ছিল। এপি ও বিবিসি অনলাইন।