'ইরানের সঙ্গে সমঝোতার ভালো সম্ভাবনা রয়েছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের আগামী সপ্তাহের আলোচনায় একটি সমঝোতার ‘বেশ ভালো সম্ভাবনা’ রয়েছে। গতকাল শনিবার এ মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ খবর প্রকাশ করেছে।

এক টিভি সাক্ষাতকারে লাভরভ বলেন, ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচির বিভিন্ন প্রশ্নে এখন আর কোনো মৌলিক মতানৈক্য নেই। এখন সঠিকভাবে একটি মতৈক্যে পৌঁছাতে হবে। আলোচনায় কোনো কৃত্রিম বিষয় যুক্ত করা উচিত হবে না, যা মূল লক্ষ্যকে বাধাগ্রস্ত করতে পারে।

ইরানের সঙ্গে এবারের আলোচনায় সমঝোতায় পৌঁছানোর জোরালো সম্ভাবনা রয়েছে বলে মার্কিন কর্মকর্তারাও গত শুক্রবার উল্লেখ করেছেন। এদিকে, জাতিসংঘের পরমাণুবিষয়ক সংস্থা বলেছে, আসন্ন আলোচনার প্রাক্কালে ইরান সরকার ইউরেনিয়াম উৎপাদন প্রকল্পের গতি কমিয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যরাষ্ট্র যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও চীন এবং জার্মানির সঙ্গে ইরানের দুই দিনব্যাপী নতুন দফা আলোচনা সুইজারল্যান্ডের জেনেভা শহরে আগামী বুধবার থেকে শুরু হবে। এর আগের দিন বৈঠক করবেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটন ও ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অচলাবস্থা নিরসনের লক্ষ্যে ওই ছয় দেশ ও তেহরানের মধ্যে ইতিমধ্যে কয়েক দফা আলোচনা অমীমাংসিত অবস্থায় শেষ হয়েছে। এএফপি ও রয়টার্স।