‘ইসরায়েলকে ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপন বন্ধ করতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা বলেছেন, ইসরায়েলকে অবশ্যই ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপন বন্ধ করতে হবে। ইসরায়েলের নতুন সরকার সেখানে বসতি স্থাপন-প্রক্রিয়া আরও জোরদার করার ঘোষণা দেওয়ার পর মানবাধিকার বিশেষজ্ঞরা এই মন্তব্য করলেন। গতকাল সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের বিশেষজ্ঞ ক্রিস্টিন শ্যানেট বিভিন্ন দেশের কূটনীতিকদের বলেন, ইসরায়েলকে অবশ্যই অনতিবিলম্বে কোনো শর্ত ছাড়াই বসতি স্থাপনের প্রক্রিয়া বন্ধ করতে হবে এবং অধিকৃত ভূখণ্ড থেকে বসতি প্রত্যাহার করে নেওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে। একই সঙ্গে তিনি ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের ক্রমাগত বসতি স্থাপনের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। গত জানুয়ারিতে জাতিসংঘের মানবাধিকার পরিষদ ফিলিস্তিনে ইসরায়েলি বসতি স্থাপন-প্রক্রিয়ার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটি উপস্থাপন করেন ফ্রান্সের মানবাধিকার বিশেষজ্ঞ ক্রিস্টিন শ্যানেট। ওই প্রতিবেদন প্রকাশের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ইসরায়েল। একই সঙ্গে জাতিসংঘের মানবাধিকার পরিষদকে ‘পক্ষপাতদুষ্ট’ বলে আখ্যা দেয় তারা। এএফপি।