'ইসলাম নয়, সন্ত্রাসের মূলে বৈশ্বিক অর্থনীতি'

ইসলাম নয় বরং বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থাই বর্তমান সন্ত্রাসের মূল উসকানিদাতা। এই অর্থনীতি ‘অর্থের ঈশ্বরের’ আরাধনা করে। কথাগুলো বলেছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
পাঁচ দিন ধরে পোল্যান্ড সফর শেষে গত রোববার রাতে ভ্যাটিকান ফেরেন পোপ। সেখানেই তিনি এ কথা বলেন। পোপ বলেন, ‘যখন কোনো বিকল্প থাকে না তখনই সন্ত্রাসবাদের উদ্ভব হয়। ব্যক্তির নয়, অর্থের ঈশ্বরই বিশ্ব অর্থনীতির মূল আরাধ্য বিষয়।’ পোপ বলেন, ‘সমস্ত মানবতার বিরুদ্ধে সন্ত্রাসের মূলে আছে এই অর্থনৈতিক ব্যবস্থা।’
পোপকে সাংবাদিকেরা সন্ত্রাসের সঙ্গে ইসলামের যোগসূত্র নিয়ে প্রশ্ন করেন। তাঁরা গত সপ্তাহে উত্তর ফ্রান্সে জঙ্গি হামলায় নিহত ফরাসি যাজকের হত্যার প্রসঙ্গ তোলেন। ইউরোপের মুসলিম তরুণদের জঙ্গি গোষ্ঠীতে যুক্ত হওয়ার প্রসঙ্গে পোপ বলেন, ‘তাদের কর্মসংস্থানের অভাব আছে। এর ফলে তারা নেশায় আসক্ত হয়ে পড়ছে। তারা দেশের বাইরে গিয়ে জঙ্গি গোষ্ঠীতে যুক্ত হচ্ছে।’
পোপ বলেন, ‘আমি যদি ইসলামি সন্ত্রাসবাদ নিয়ে কথা বলি, তবে আমাকে ক্যাথলিকদের সন্ত্রাস নিয়েও কথা বলতে হবে। সব মুসলিমই যেমন সন্ত্রাসী নয়, আবার সব ক্যাথলিকও সন্ত্রাসী নয়।’
পোপ বলেন, ‘প্রায় সব ধর্মে একটি মৌলবাদী গোষ্ঠী থাকে। কেউ জিভ দিয়ে হত্যা করে, কেউ ছুরি দিয়ে।’