'ইসলামি রাষ্ট্র' কায়েমের ডাক আইএসআইএস নেতার
ইরাক ও সিরিয়ার অংশ বিশেষ দখল করে নেওয়া জিহাদী জঙ্গি গ্রুপ ইসলামিক এস্টেট ইন ইরাক অ্যান্ড লেভান্টের (আইএসআইএস) নেতা আবু বকর আল বাগদাদী মুসলিম উম্মাহর প্রতি তাঁদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
এ অডিওবার্তায় তিনি ইরাক ও সিরিয়ায় এসে তাঁদের সঙ্গে লড়াইয়ে যোগ দেওয়ার জন্য সারাবিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান জানান। বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
চলতি সপ্তাহে আইএসআইএস ইরাক ও সিরিয়া তাঁদের দখল করা অংশে খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেয়। একইসঙ্গে তারা আবু বকর আল বাগদাদীকে খলিফা এবং সারাবিশ্বের সমস্ত মুসলমানের নেতা হিসেবে ঘোষণা দেয়।
আজ আইএসআইএসের প্রকাশ করা বার্তায় আবু বকর বলেন, ‘ইসলামি রাষ্ট্রে’ এসে তাঁদের ‘জিহাদে’ যোগ দেওয়া প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব। বিশেষ করে তিনি মুসলমান বিচারক, চিকিত্সক, প্রকৌশলী এবং সামরিক ও প্রশাসনিক বিশেষজ্ঞদের এই ‘ইসলামি রাষ্ট্রে’ যোগ দেওয়ার জন্য আহ্বান জানান।
আইএসআইএসের অডিও বার্তায় দাবি করা হয়, ইসলামি রাষ্ট্রটি সিরিয়ার উত্তরাঞ্চলের আলেপ্পো থেকে ইরাকের পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশ পর্যন্ত বিস্তৃত হবে।