'ইসলামিক স্টেট' নাম ব্যবহার বন্ধ রাখার আহ্বান
যুক্তরাজ্যের মুসলিম ধর্মীয় নেতারা ইরাক-সিরিয়া সক্রিয় জঙ্গি সংগঠনটিকে বোঝাতে ‘ইসলামিক স্টেট’ শব্দ দুটির ব্যবহার বন্ধ করতে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন। তাঁদের মতে, এই নামটি উচ্চারণের মাধ্যমে আসলে একটি সন্ত্রাসী সংগঠনকে বৈধতা দেওয়া হয়। খবর গার্ডিয়ানের।
সিরিয়া ও ইরাকের অনেক এলাকা নিয়ন্ত্রণে নেওয়া সুন্নি ইসলামপন্থী জঙ্গি সংগঠনটি নাম পরিবর্তনের পর এখন ইসলামিক স্টেট (আইএস) বলে নিজেদের পরিচয় দিচ্ছে। ব্রিটিশ মুসলিমদের প্রতিনিধিত্বকারী একটি জোটের নেতারা প্রধানমন্ত্রী ক্যামেরনকে লেখা চিঠিতে বলেছেন, ইসলামিক স্টেট নামটি ব্যবহারের মাধ্যমে জঙ্গি কর্মকাণ্ডকে বিশ্বাসযোগ্যতা দেওয়ার পাশাপাশি ইসলামি বিশ্বাসকে কলঙ্কিত করা হচ্ছে।
যুক্তরাজ্যের ইসলামিক সোসাইটির প্রধান সুঘরা আহমেদ, অ্যাসোসিয়েশন অব ব্রিটিশ মুসলিমসের নেতা মোহাম্মদ আব্বাসি, অ্যাসোসিয়েশন অব মুসলিম ল ইয়ার্সের প্রধান আমজাদ মালিক কিউসি প্রমুখ নেতা চিঠিতে স্বীকার করেন, সংগঠনটির বিষময় তৎপরতা থেকে তরুণদের বিরত রাখতে মুসলিমদের আরও বেশি কিছু করার আছে। তাঁরা বিশ্বাস করেন, সংগঠনটি ইসলামি তো নয়ই, কোনো রাষ্ট্রও নয়।