‘উ.কোরিয়া ফের পারমাণবিক পরীক্ষা চালালে পরিণতি ভয়াবহ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়া তৃতীয় দফায় পারমাণবিক পরীক্ষা চালালে পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।ওবামা প্রশাসনের নতুন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গত সোমবার তাঁর কোরীয় পক্ষ কিম সাং-হাওয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন। এ সময় দুই নেতা বলেন, উত্তর কোরিয়া উসকানিমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখলে এবং নতুন কোনো পদক্ষেপ নিলে তার পরিণতি হবে আরও ভয়াবহ।জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলো গত মাসে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে একমত হয়। পিয়ংইয়ং ডিসম্বেরে দূরপাল্লার এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর নিরাপত্তা পরিষদ এ ব্যবস্থা নেয়। নিরাপত্তা পরিষদ ওই সময় আরও ঘোষণা দেয়, তৃতীয় দফায় পারমাণবিক পরীক্ষা চালালে পিয়ংইয়ংকে কঠিন বাস্তবতা মোকাবিলা করতে হবে।দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ুং-বাক আশঙ্কা প্রকাশ করেছেন, উত্তর কোরিয়া দুই বা ততোধিক স্থানে একাধিক পারমাণবিক পরীক্ষা চালাতে পারে। পিয়ংইয়ংয়ের ‘উচ্চপর্যায়ের পরীক্ষার’ ঘোষণা এটাই ইঙ্গিত দেয়, তাদের একাধিক পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে। উত্তর কোরিয়াবিষয়ক বিশেষজ্ঞরাও বলছেন, পরীক্ষাস্থল গবেষণা করে যে আভাস পাওয়া গেছে তা হলো, দুটি পরীক্ষা চালানো হতে পারে। পিয়ংইয়ং জানুয়ারিতে ঘোষণা দেয়, তারা আবারও উচ্চপর্যায়ের পারমাণবিক পরীক্ষা চালাবে। এর আগে ২০০৬ ও ২০০৯ সালে দুই দফা পারমাণবিক পরীক্ষা চালায় দেশটি। তারা তৃতীয় দফার পরীক্ষার দিনক্ষণ না জানালেও পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন, স্যাটেলাইট চিত্র দেখে বোঝা যাচ্ছে, পারমাণবিক পরীক্ষারস্থলে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার জন্য নির্ধারিত পুংগি-রি পার্বত্য এলাকায় জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।ওয়াশিংটনভিত্তিক ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি বলেছে, স্যাটেলাইট চিত্রের সাহায্যে পারমাণবিক পরীক্ষা আসন্ন কিনা, তা বোঝা না গেলেও উত্তর কোরিয়ার বর্তমান কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে, শিগগিরই এ পরীক্ষা চালানো হবে। বিবিসি।