'উগ্রপন্থীদের যুক্তরাজ্যে থাকার অধিকার নেই'
মার্কিন নিয়ন্ত্রণাধীন কুখ্যাত গুয়ানতানামো বে বন্দিশালায় আটক থাকা সর্বশেষ ব্রিটিশ বন্দী শাকের আমির বলেছেন, যেসব মুসলিম সন্ত্রাসবাদকে সহায়তা করে তাদের যুক্তরাজ্যে থাকার কোনো অধিকার নেই। গুয়ানতানামোয় ১৪ বছর আটক থাকার পর গত অক্টোবরে মুক্তি পেয়ে লন্ডনে ফেরেন আমির। খবর বিবিসির।
যুক্তরাজ্যের ডেইলি মেইল পত্রিকায় গতকাল রোববার প্রকাশিত বক্তব্যে শাকের আমির বলেন, ‘আপনি যে কাউকে হত্যা করতে পারেন না। আমি ধর্ম যতটুকু বুঝি, ইসলাম সে অনুমতি দেয় না।’ আমির আরও বলেন, ‘এটি তাদের (উগ্রপন্থীদের) উত্থানে সাহায্য করে।’
শাকের আমির বলেন, ‘আপনার যদি যুক্তরাজ্যের ওপর এতই রাগ থাকে তাহলে এ দেশ ছেড়ে কেটে পড়ুন।’
সৌদি বংশোদ্ভূত শাকের আমির ১৯৯০-এর দশকে যুক্তরাজ্যে যান। যুক্তরাষ্ট্রে ভয়াবহ নাইন-ইলেভেন সন্ত্রাসী হামলার অল্পদিন পরই আফগানিস্তানে আটক হন তিনি। অর্থের জন্য সন্দেহভাজন আল-কায়েদা সদস্যদের ধরিয়ে দিতে মাঠে নামা লোকজন তাঁকে ধরে মার্কিন কর্তৃপক্ষের হাতে তুলে দেয়।