‘ঋণ পেতে সব শর্ত পূরণ করেছে গ্রিস’
গ্রিসের অর্থমন্ত্রী ইভানগেলোস ভেনিজেলোস বলেছেন, অর্থনীতি পুনরুদ্ধারে প্রতিশ্রুত ১৩ হাজার কোটি ইউরো ঋণ-সহায়তা পেতে গ্রিস সব শর্ত পূরণ করেছে। গ্রিস আশা করছে, ইউরো অঞ্চলের বৈঠকে ঋণ পাওয়ার বিষয়টি অনুমোদিত হবে।গতকাল সোমবার ব্রাসেলসে ইউরো অঞ্চলের অর্থমন্ত্রীদের বৈঠক বসেছে। তবে বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। ঋণ পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে গ্রিসের অর্থমন্ত্রী ইভানগেলোস বলেন, ‘দীর্ঘ অনিশ্চয়তার অবসান হতে চলেছে।’ বৈঠক শুরুর আগে ফ্রান্সের অর্থমন্ত্রী ফ্রান্সিকো ব্যারন বলেন, ‘গ্রিস আর অপেক্ষায় থাকতে পারে না।’ তিনি জানান, ইউরো অঞ্চলের শর্ত অনুযায়ী গ্রিস সব তথ্য উপস্থাপন করেছে। ফরাসি অর্থমন্ত্রী বলেন, গ্রিসের সঙ্গে ঋণচুক্তি করার বিষয়ে তিনি তাঁর ইতিবাচক অবস্থান বৈঠকে তুলে ধরবেন। মধ্যমার্চের আগে এথেন্সের ১৩ হাজার কোটি ইউরো ঋণ-সহায়তা প্রয়োজন। ওই সময়ের আগে ঋণ না পেলে গ্রিসের ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাবে।ঋণ অনুমোদিত হলে গ্রিসের অর্থনীতি পুনরুদ্ধারে এটি হবে দ্বিতীয় দফা সহায়তা। এর আগে ২০১০ সালে গ্রিসকে ১১ হাজার কোটি ইউরো ঋণ দেওয়া হয়েছিল। এএফপি ও বিবিসি।