
জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত লাখদার ব্রাহিমি জানিয়েছেন, সিরিয়া সংকট সমাধানে জেনেভার শান্তি সম্মেলন চলতি মাসে হচ্ছে না। তবে তিনি আশা প্রকাশ করেছেন, চলতি বছরের মধ্যেই ওই সম্মেলন আয়োজন সম্ভব হবে।
ব্রাহিমি গত মঙ্গলবার জেনেভায় পাশ্চাত্য ও আরব কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান। সিরিয়া সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগের অংশ হিসেবে চলতি মাসের শেষ দিকে সিরিয়ার সরকার ও বিরোধীদের অংশগ্রহণে জেনেভায় সম্মেলন হওয়ার কথা ছিল।
ব্রাহিমি সাংবাদিকদের বলেন, ‘আজ আমরা জেনেভা শান্তি সম্মেলনের তারিখ ঘোষণা করার মতো অবস্থানে পৌঁছাতে পারব বলে ভেবেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, আমরা সেই জায়গায় পৌঁছাতে পারিনি।’
তবে আশাবাদ ব্যক্ত করে ব্রাহিমি বলেন, ‘তার পরও আশা করছি, চলতি বছর শেষ হওয়ার আগেই আমরা শান্তি সম্মেলন আয়োজন করতে পারব।’ সেই লক্ষ্যে ২৫ নভেম্বর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানান ব্রাহিমি।
বিশ্বশক্তিগুলোর কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পর ব্রাহিমি সাংবাদিকদের আরও বলেন, সিরিয়ার সরকারবিরোধীদের মধ্যে নানা পক্ষ রয়েছে।
এদিকে সিরিয়ার সরকারবিরোধীদের প্রধান জোট ন্যাশনাল কোয়ালিশন আগামী শনিবার তুরস্কের ইস্তাম্বুলে বৈঠকে বসার পরিকল্পনা করছে। জেনেভা শান্তি সম্মেলনে যোগ দেওয়া না-দেওয়ার বিষয়ে ওই বৈঠকেই তারা সিদ্ধান্ত নিতে পারে।
সিরিয়ার সরকারবিরোধীরা সম্মেলনে অংশ নেওয়ার ক্ষেত্রে প্রধান যে শর্তটি দিয়ে রেখেছে, তা হলো প্রেসিডেন্ট বাশারের পদত্যাগ। কিন্তু সিরিয়া সরকার সেই দাবি নাকচ করে দিয়েছে।
রাসায়নিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের সংশয়: জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার মঙ্গলবার জেনেভায় এক বৈঠকে বলেছেন, আন্তর্জাতিক কোনো পর্যবেক্ষক সংস্থার মাধ্যমে সিরিয়ার ঘোষণা দেওয়া রাসায়নিক অস্ত্রের স্থাপনাগুলো পরিদর্শন করা উচিত। ওই পর্যবেক্ষক সংস্থা সিরিয়ার স্থাপনাগুলোর সরঞ্জাম ধ্বংসের যথার্থতা নিশ্চিত করবে।
অস্ত্র ধ্বংসের মিশন অর্থসংকটে: সিরিয়ার সব রাসায়নিক অস্ত্র ২০১৪ সালের মাঝামাঝি সময়ের মধ্যে ধ্বংস করার কথা। কিন্তু এই কাজ সম্পন্ন করতে গিয়ে অর্থসংকটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে এ জন্য দায়িত্বপ্রাপ্ত সংগঠন অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিকেল ওয়েপনস (ওপিসিডব্লিউ)।
সিরিয়ার অস্ত্র ধ্বংসের কাজে মূল অর্থ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ডও অর্থ দিয়েছে। এএফপি ও রয়টার্স।